জাটকা শিকারে বাধা দেওয়ায় কর্মকর্তা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে জাটকা ধরতে বাধা দেওয়ায় গতকাল বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তাকে ঘেরাও করেন জেলেরা। এ সময় জেলেদের ছত্রভঙ্গ করতে কোস্টগার্ড তিনটি ফাঁকা গুলি ছোড়ে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান জানান, নদীতে মার্চ ও এপ্রিল—এই দুই মাস সব ধরনের মাছ ধরা নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করে অনেক জেলে নদীতে জাটকা শিকার করছেন। গতকাল ভোর চারটার দিকে কাচিকাটা এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে ৫০-৬০ জন জেলে সংঘবদ্ধ হয়ে তাঁকে ঘেরাও করেন।
কোস্টগার্ডের সহায়তায় জেলেদের ছত্রভঙ্গ করা হয়। এরপর নদীতে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়। তাঁদের নয়জনকে এক বছরের কারাদণ্ড ও চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য কার্যালয় থেকে জানা যায়, অভিযানে ১০০ কেজি জাটকা ও ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে মৎস্য বিভাগ। উদ্ধার করা জাটকা স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।