জাতির জনকের প্রতি কটূক্তিতে থানায় জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলার জলঢাকায় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে ১৫ আগস্ট এবং জাতির জনককে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগে জলঢাকা থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। গত রোববার রাতে জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল ওয়াহেদ এ জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, জলঢাকা পৌর ছাত্রদলের নামে খোলা একটি ফেসবুক আইডিতে ১৫ আগস্টকে ব্যঙ্গ করে কটূক্তি করা হয়।
যুবলীগ নেতা আবদুল ওয়াহেদ বলেন, ‘গত রোববার সন্ধ্যায় ওই ফেসবুক আইডিতে এমন মন্তব্য আমার চোখে পড়ে। এতে জাতির জনকসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের অপমান করা হয়েছে। এমন বোধ থেকে আমি ওই রাতে থানায় জিডি করি।’
জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম বলেন, জিডিটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।