জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই শিক্ষক আটক
জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া-বামনগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আবু জাফর (৪৮) ও শাহ সেকেন্দার আলীকে (৫০)।
পুলিশ জানিয়েছে, জাতীয় পতাকার মতো করে ওই বিদ্যালয়ের টয়লেটের দরজায় সম্প্রতি রং করানো হয়। প্রধান শিক্ষক আবু জাফর ও সহকারী প্রধান শিক্ষক শাহ সেকেন্দার আলীর ইন্ধনে এই কাজটি করা হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি এলাকার কিছুসংখ্যক মানুষের নজরে পড়ে। তারা প্রশাসনকে অবহিত করলে গত সোমবার রাতে ওই দুই শিক্ষককে আটক করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, এটা চক্রান্ত করেও করা হতে পারে। বিষয়টি তারা তদন্ত করছেন এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জানান, ওই দুই শিক্ষককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদ্রোহ মামলা রুজুর অনুমোদন চাওয়া হয়েছে।