বিদ্যালয় মাঠে পানি জমে থাকার অজুহাতে ছয় মাস ধরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় না লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের বাউড়া দ্বিমুখী পাবলিক উচ্চবিদ্যালয়ে। শিক্ষার্থীদের শরীরচর্চাও করানো হয় না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমানের দাবি, ‘বর্ষাকালে আমাদের স্কুলমাঠে পানি জমে থাকে। এ কারণে পানিতে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের শরীরচর্চা করানো যায় না। একই কারণে ওই সময় থেকে জাতীয় সংগীত গাওয়া হচ্ছে না।’ তবে এখন তো মাঠে পানি নেই, তাহলে জাতীয় সংগীতে অংশগ্রহণে ছাত্রছাত্রীদের বাধা কোথায়? এর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
২২ নভেম্বর বেলা পৌনে ১১টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ও বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে সাত-আটজন শিক্ষার্থী জানায়, তাদের বিদ্যালয়ে প্রায় ছয় মাস ধরে জাতীয় সংগীত পরিবেশন করা হচ্ছে না। তাই ওই সময়ে তারা ঘুরেফিরে কাটায়।
পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি রুহুল আমিন বলেন, ‘সম্প্রতি ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের কাছে জানতে পারি, বিদ্যালয়ে জাতীয় সংগীত গাওয়া হয় না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শিক্ষকেরা বর্ষাকালে পানি ওঠার অজুহাতে শিক্ষার্থীদের জাতীয় সংগীত থেকে বঞ্চিত করবেন—এটি ঠিক না। তাই আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লালমনিরহাট জেলা প্রশাসককে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়েছি। তার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাব।’
পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি এম আবদুল হামিদ বলেন, ‘বিষয়টি আমি শুনেই প্রধান শিক্ষককের কাছে এর কারণ জানতে চেয়েছি। তিনি আর কখনো এমনটি করবেন না বলে জানিয়েছেন। তবে এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বেশ সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে বর্তমানে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।