জাতীয় পতাকা আইনে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে গতকাল সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন না করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। এ ছাড়া জাতীয় শোক দিবসে ব্যবসাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করায় কুমিল্লার চান্দিনা বাজারের ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শ্রীমঙ্গলে ওই প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল জাতীয় শোক দিবসে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সামনে জাতীয় পতাকা অযত্ন-অবহেলায় প্রদর্শন করায় স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পাঠান। আদালত ঘটনাস্থলে গিয়ে পতাকা উত্তোলনে অনিয়ম পাওয়ায় জাতীয় পতাকা আইন ১৯৭২-এর বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন।
ইউএনও মো. শহীদুল হক জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, পতাকা অর্ধনমিত রাখার পরিবর্তে সম্পূর্ণ উত্তোলন করা হয়েছে। পতাকার দণ্ডটিও ছিল নিম্নমানের।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যবসাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করায় কুমিল্লার চান্দিনা বাজারের ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মাদ কিয়াম উদ্দিন এ জরিমানা করেন। এ সময় তিনি ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেন। চান্দিনা ইউএনও বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের বিধান রয়েছে। ওই বিধান লঙ্ঘন করায় তাঁদের জরিমানা করা হয়েছে। তবে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকেরা দাবি করেছেন, বিষয়টি তাঁদের জানা ছিল না।