জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্যসচিব এস এম ইয়াসির।
ওই দুই নেতা বলেন, করিম উদ্দিন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে জাতীয় পার্টি ও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেন। এ ছাড়া ২২ মার্চ রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ (্ইউপি) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। তিনি আওয়ামী লীগের সাংসদ টিপু মুনশির সঙ্গে গিয়ে তাঁদের প্রার্থীর পক্ষে ভোটও চান। সম্প্রতি হারাগাছ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিজয় মিছিলেও তাঁকে দেখা যায়। এসব নানা বিষয় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের চেয়ারম্যান গতকাল তাঁকে বহিষ্কারের ওই ঘোষণা দেন।
এ ব্যাপারে সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসার মুঠোফোনে ফোন দিলে একজন নারী ধরেন। এ সময় তাঁকে (ওই নারী) সাংবাদিক পরিচয় দিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি (করিম উদ্দিন) অসুস্থ, বহিষ্কারের বিষয়টি ভুয়া বলে তিনি লাইন কেটে দেন।