জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া দুর্নীতির একটি মামলায় একে একে কনিষ্ঠ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে। মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ বা রেজিস্ট্রারকে বাদ রেখে অন্যদের গ্রেপ্তার করায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টদের মতে, পদোন্নতির যে ঘটনায় এ পর্যন্ত চার কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সিদ্ধান্তে তাঁদের সেই অর্থে ভূমিকা নেই। যাঁদের ভূমিকা ছিল, তাঁদের অনেকেই সরকারঘনিষ্ঠ এবং বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছেন।
গতকাল সোমবার দুদকের উপপরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে, যিনি ঘটনার সময় উপপরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়েহিদ জামান, সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান এবং সহকারী পরিচালক (বেতন ও কল্যাণ) মুহাম্মদ মুফাজ্জল হোসাইনকে গ্রেপ্তার করা হয়। এই চারজনই মামলার এজাহারভুক্ত আসামি। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও গণনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা জামিন পান। গতকাল গ্রেপ্তার হওয়া মো. বদরুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, পদোন্নতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে এই পর্যায়ের কর্মকর্তাদের তেমন ভূমিকা থাকে না। বিভাগের প্রধান বা প্রতিনিধি হিসেবে অথবা পদাধিকারবলে তাঁরা উপস্থিত থাকেন।
ওই মামলায় ১৩ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া চারজন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য কাজী শহীদুল্লাহ ও সহ-উপাচার্য তোফায়েল আহমেদ চৌধুরী, যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কোষাধ্যক্ষ ছিলেন কলেজশিক্ষক নেতা কাজী ফারুক আহমেদ। এ ছাড়া ওই সময়ে রেজিস্ট্রার ছিলেন ফিরোজ আহমেদ আখতার প্রমুখ।
দুদক সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেকশন গ্রেড দেওয়া হয়। এ ঘটনায় ২০১২ সালে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলাটি করেন বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা ক্ষতি করেছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, এ ধরনের দুর্নীতির ক্ষেত্রে শীর্ষ কর্মকর্তারাই সিদ্ধান্ত দেন। তাঁদের বাইরে রেখে যারা হুকুম পালন করে তাদের আইনের আওতায় নিয়ে এলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
এ বিষয়ে দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, আসামিকে গ্রেপ্তারের বিষয়ে কমিশন কোনো হস্তক্ষেপ করে না। মামলার অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা ভোগ করেন দুদক কর্মকর্তারা। প্রয়োজন হলে অন্যদের হয়তো আইনের আওতায় আনবেন তদন্ত কর্মকর্তা।
এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত তদারক কর্মকর্তা মোরশেদ আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।