জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়েহিদ জামানসহ তিন কর্মকর্তাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক (বেতন ও কল্যাণ) মুহাম্মদ মুফাজ্জল হোসাইন।
বিকেলে ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদক সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেকশন গ্রেড দেওয়া হয়। এ ঘটনায় ২০১২ সালে এক ব্যক্তি গাজীপুরের জয়দেবপুর থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠান। মামলাটি তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী।
মামলার অভিযোগে বলা হয়, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণনিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের সিলেকশন গ্রেড দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছেন বা সরকারের ক্ষতি করেছেন।