জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে হামলা, যুবলীগ নেতাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা ও তাঁর ভাই নিহত হয়েছেন। যুবলীগ নেতার নাম রমজান আলী। তাঁর ছোট ভাই মোহাম্মদ সিজন (১৬)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সদস্য।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাটের ওজন নিয়ন্ত্রণ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রমজান আলী ও মোহাম্মদ সিজন সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য, রমজান আলীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ডের ছোট দারোগাহাটের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে সোমবার বিকেলে এক কর্মসূচির আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটার দিকে কর্মসূচি শেষ হয়। এরপর নেতা-কর্মীরা বাড়ি ফিরে যান। বাড়ি ফেরার পথে রমজান আলী ও তাঁর ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পরই রমজান আলী ও মোহাম্মদ সিজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্য শীলব্রত বড়ুয়া প্রথম আলোকে বলেন, রমজান আলীর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের আনার আগেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ছোট ভাইয়ের মৃত্যু হয়। 

কী কারণে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান। তিনি বলেন, তদন্তের পরই জানা যাবে কে বা কারা জড়িত।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন অভিযোগ করেন, ইউনিয়ন যুবলীগের সদস্য রমজান আলী হত্যার ঘটনার জন্য ইউনিয়ন যুবলীগের একটি পক্ষ দায়ী। তবে তিনি আর বিস্তারিত কিছু বলেননি।