জাতীয় শোক দিবসের সভায় আ.লীগের এক পক্ষের হামলা
জাতীয় শোক দিবসের সভায় স্থানীয় আওয়ামী লীগের এক পক্ষ হামলা চালিয়ে সভামঞ্চ ভাঙচুর করেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। নাটোরের লালপুর উপজেলার লালিরপাড় মোড়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে লালিরপাড় মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশের উদ্যোগে শোকসভা শুরু হয়। সভায় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী আতিকুল হক, পুরোনো ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলামসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বক্তব্য দিতে শুরু করলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও সাংগঠনিক সম্পাদক স্বপন হোসেনের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে ১০ থেকে ১৫ জন যুবক সেখানে এসে সভার মঞ্চ ও চেয়ার ভাঙতে শুরু করেন। সভার আয়োজকেরা প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে হামলাকারীরা পালিয়ে যান।
কৃষক লীগের নেতা আতিকুল বলেন, তিনিসহ এখানকার দুই গ্রামের সর্বস্তরের লোকজন শোকসভার আয়োজন করেন। কিন্তু তিনি সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণার অপরাধে বর্তমান সাংসদের সমর্থিত কিছু নেতা-কর্মী শোকসভায় হামলা চালিয়েছেন। তাঁরা বলেছেন, উপজেলা আওয়ামী লীগের অনুমতি ছাড়া নাকি সভা করা যাবে না। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তবে সেলিম রেজা হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দলের পরিচয়ে অনুষ্ঠান করতে হলে অবশ্যই উপজেলা আওয়ামী লীগকে জানিয়ে সভা করতে হবে। তা না করে কৃষক লীগের একজন নেতা নিজ উদ্যোগে সেখানে সভা করছিলেন। আমরা শুধু এর প্রতিবাদ জানিয়েছি।’
লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে লালিরপাড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।