জাতীয় স্মৃতিসৌধে ভয় দেখিয়ে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বোনের বাসা থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বান্ধবীকে নিয়ে বেড়াতে এসেছিলেন নোয়াখালীর কলেজের ছাত্র সাইফুল ইসলাম। পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তিন প্রতারক।
শুধু সাইফুল নন, গতকাল শুক্রবার ছুটির দিনে বেড়াতে আসা আরও কয়েকজন দর্শনার্থী একই রকম প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাইফুল বলেন, বান্ধবীকে নিয়ে তিনি গতকাল দুপুর ১২টার দিকে স্মৃতিসৌধে যান। এরপর তিনি স্মৃতিসৌধের ভেতরে হেলিপ্যাডের পাশে বসে গল্প করছিলেন। এ সময় তিন যুবকের একজন নিজেকে পুলিশ ও অন্য দুজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাঁকে আটক করেন। এরপর তাঁদের (সাইফুল ও তাঁর বান্ধবী) একসঙ্গে দাঁড় করিয়ে কয়েকটি ছবি তোলেন। একপর্যায়ে তাঁরা ছবি পত্রিকায় প্রকাশ করাসহ আটকের ভয় দেখিয়ে তাঁর কাছে চার হাজার টাকা দাবি করেন। পরে এক হাজার টাকা নিয়ে তাঁদের ছেড়ে দেন। সাইফুল বলেন, ঘটনার পর স্থানীয় আনসার ক্যাম্পে গিয়ে অভিযোগ করলেও তাঁকে কোনো সহায়তা করা হয়নি।
সাইফুলের ঘটনার সরেজমিনে খোঁজ নিতে গিয়ে কথা হয় শাহীনুর রহমান ও সোলায়মান হোসেন নামের দুই তরুণের সঙ্গে। তাঁরাও বান্ধবীদের নিয়ে গতকাল স্মৃতিসৌধে ঘুরতে এসেছিলেন। তাঁরা বলেন, তিন প্রতারক সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে তাঁদেরও আটক করে টাকা দাবি করেছিল। কিন্তু বাসভাড়ার অতিরিক্ত টাকা না থাকায় প্রতারকেরা তাঁদের কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেয়।
লিয়াকত হোসেন ও সালমা আক্তার নামে এক নবদম্পতি গতকাল স্মৃতিসৌধে ঘুরতে এসে ওই প্রতারকদের খপ্পরে পড়েন। তাঁরা স্বামী-স্ত্রী পরিচয় দেওয়ার পরও প্রতারকেরা বিয়ের কাবিননামা দেখতে চায়। কাবিননামা দেখাতে ব্যর্থ হলে তাঁদের থানায় নিয়ে গিয়ে আদালতে পাঠানোর ভয় দেখানো হয়। একপর্যায়ে তাঁরা প্রতারকদের ৫০০ টাকা দিয়ে রক্ষা পান।
গতকাল বেলা দেড়টার দিকে স্মৃতিসৌধের ভেতরে অবস্থিত আনসার ক্যাম্পে গিয়ে তালা ঝুলতে দেখা যায়। পরে পুলিশ ক্যাম্পে গিয়ে পরিদর্শক আবুল আজমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সাইফুলের অভিযোগ অমূলক নয়, মাঝেমধ্যে এমন ঘটনা ঘটছে। সম্প্রতি ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করার সময় একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে এসব প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।