জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার মহিলা কলেজের ছাত্রীরা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কের এক পাশ অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল ব্যাহত হয়।

কলেজ সূত্র ও প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, গতকাল বেলা পৌনে ১১টার দিকে এনায়েত বাজার এলাকায় অবস্থিত কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন প্রায় ২০০ ছাত্রী। তাঁরা প্রায় এক কিলোমিটার দূর থেকে মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যান। সেখানে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা সড়কের এক পাশ অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা ‘মহিলা কলেজ সরকারি চাই’, ‘আমাদের দাবি মানতে হবে’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া দুই ছাত্রী প্রথম আলোকে বলেন, জাতীয়করণের দাবি জানিয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষকে তাঁরা স্মারকলিপি দিতে যান। তখন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ তাঁদের বলেন, এখন কলেজ জাতীয়করণ হবে না। এ নিয়ে কোনো ধরনের আন্দোলন করতে নিষেধ করেন। এরপর তাঁরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর প্রথম আলোকে বলেন, কলেজ জাতীয়করণের একটি প্রক্রিয়া আছে। এ ব্যাপারে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় সাংসদ জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু আশ্বাস দিয়েছেন। কিন্তু কিছু ছাত্রী হঠাৎ করে এ দাবিতে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও তিনটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। ছাত্রী সংখ্যা প্রায় দুই হাজার।