জাতীয়করণের সিদ্ধান্ত বহালের দাবিতে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে ছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার তাঁরা কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে ভাঙচুর চালান। একই দিন তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এদিন ছাত্রীরা ক্লাসও বর্জন করেন।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রীরা চান্দিনা উপজেলা পরিষদ কমপ্লেক্সে যান। এরপর তাঁরা ইউএনও সুমন চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। পরে তাঁরা উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে তাঁদের কলেজে পাঠিয়ে দেয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২ জুলাই একটি অনলাইন পত্রিকার মাধ্যমে জানা যায়, চান্দিনা মহিলা কলেজটি প্রধানমন্ত্রীর স্বাক্ষরে জাতীয়করণের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। ১৮ জুলাই জানা যায়, চান্দিনা মহিলা কলেজের নাম পরিবর্তন করে চান্দিনা উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে দোল্লাই নোয়াবপুর কলেজ জাতীয়করণ করা হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু তদন্ত করে চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

বেলা প্রায় পৌনে তিনটায় বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান তপন বক্সী, ইউএনও সুমন চৌধুরী, পৌর মেয়র মফিজুল ইসলাম, কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী কলেজে গিয়ে বৈঠক করছিলেন। এ সময় ছাত্রীরা তাঁদের তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন। ২০ মিনিট পর তালা খুলে দেওয়া হয়। উত্তেজিত ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে কলেজের দরজা-জানালা ও শোভাবর্ধনকারী বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করেন।

আন্দোলনরত শিক্ষার্থী সানজিদা আক্তার, রাবেয়া বেগম, সোনিয়া আক্তার ও মিতু বলেন, এ কলেজে বর্তমানে ৩ হাজার ৪০০ ছাত্রী, ৫৮ জন শিক্ষক ও সাতটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে। অথচ এ কলেজের নাম বাদ দিয়ে চান্দিনা উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার ভেতরে অজপাড়া গাঁয়ের একটি কলেজকে জাতীয়করণ করার পাঁয়তারা করছেন ক্ষমতাধর ব্যক্তিরা। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এর আগে গত সোমবার দুপুরে একই দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে রাখেন ছাত্রীরা।