জাদি পাহাড় কাটার সত্যতা পেয়েছে প্রশাসন
কক্সবাজারের টেকনাফের হ্নীলার জাদি পাহাড় কাটার সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। পাহাড় কাটার ঘটনায় জড়িত ব্যক্তিদের সতর্ক করেছেন কর্মকর্তারা।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আবসার, স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতা মং চালু চৌধুরী ও হ্নীলা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা জাদি পাহাড় কাটার সত্যতা পান।
গতকাল প্রথম আলোয় ‘টেকনাফে পাহাড় কাটায় তিনটি জাদি হুমকিতে’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
ইউএনও মো. শফিউল আলম বলেন, জাদি পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আর পাহাড় না কাটার মুচলেকাও নেওয়া হয়েছে। তিনি বলেন, পাহাড়টির চারদিকে অবৈধ দখলে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হবে।
হ্নীলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, জাদির যাতে ক্ষতি না হয়, সে জন্য পাহাড়ের কাটা অংশে প্রাচীর নির্মাণ করা হবে।