জাপা নেতাকে কুপিয়ে ও পানিতে চুবিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জে জাতীয় পার্টির (জাপা) নেতা আতিকুর রহমান ওরফে রাজাকে কুপিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার আতিকুর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় লোকজন। আতিকুর রহমান কুড়িগ্রাম-১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমানের মামাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বল্লভের খাস ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বুধবার রাতে কচাকাটা থেকে মোটরসাইকেলে করে মাদারগঞ্জে নিজের বাড়িতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ওই ইউপির সদস্য আলতাফ হোসেন। রাত ১১টার দিকে হাজিপাড়া এলাকায় পৌঁছালে সাত-আটজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। এ সময় আতিকুর মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান হাতে কোপ দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পাশের ডোবায় পড়ে যান। এরপর দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায়।
হামলার এ ঘটনা চলার সময় মোটরসাইকেলের চালক আলতাফ পালিয়ে এলাকায় গিয়ে খবর দেন। রাতেই ঘটনাস্থল থেকে আতিকুরের পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নেন।
এলাকাবাসী ও নিহত আতিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বল্লভের খাস ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে এরই মধ্যে জনসংযোগ শুরু করেন আতিকুর। এ নিয়ে ওই ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল করিমের পরিবারের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে আতিকুরকে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবার ও এলাকাবাসীর ধারণা।
গতকাল সকাল নয়টায় কুড়িগ্রাম সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আলম কচাকাটা থানায় পৌঁছান। তখন আতিকুরের খুনিদের গ্রেপ্তারের দাবিতে কয়েক হাজার লোক থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একটি রাবার বুলেট ছোড়ে। এ সময় উত্তেজিত জনতা মাদারগঞ্জ বাজারে আবদুল করিমের ছেলে লাভলুর দোকান ভাঙচুর করে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এএসপি মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত আতিকুরের বাড়িতে যান। পরে লাশ থানায় এনে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বেলা পৌনে একটার দিকে উত্তেজিত জনতা একজোট হয়ে আবদুল করিম ও তাঁর বড় ভাই আবুল হাশেম, শাহাজামাল এবং শাহানুরের বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে আবদুল করিমের পরিবারের লোকজন পলাতক রয়েছেন। চেষ্টা করেও এ ব্যাপারে তাঁদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বেলা আড়াইটার দিকে আতিকুরের ছোট ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে ইউনিয়নের হাজিপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে স্বপন আলী, আবদুল করিমের ছেলে রবিনসহ অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে কচাকাটা থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেলের চালক আলতাফসহ চারজনকে আটক করেছে।
এএসপি বলেন, মোটরসাইকেলের চালক আলতাফকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি দুজনকে চিনেছেন বলে জানান। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিহত জাপা নেতার স্বজনেরাসহ এলাকাবাসী আসামিদের বাড়িতে আগুন দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’