জাপা সাংসদ হান্নান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ হান্নান
এম এ হান্নান

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম। এম এ হান্নানকে গুলশানের বাসা এবং তাঁর ছেলে সাজ্জাদকে একটি অফিস থেকে গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা বলে তাঁরা এ দুজনকে গ্রেপ্তার করেছেন।
গত ১৯ মে ময়মনসিংহের বিচারিক আদালতে রহিমা খাতুন নামে এক শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী এম. এ হান্নানসহ মোট তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। বিচারিক আদালতের হাকিম মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন। মামলার অপর দুই আসামি হলেন জেলায় তৎকালীন আলবদর বাহিনীর সদস্য ফকরুজ্জামান ও গোলাম রব্বানী।
মামলার আরজিতে বলা হয়েছে, ১৯৭১ সালের অক্টোবরে ত্রিশাল উপজেলার বৈলর মুন্সীপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে গৌরীপুর উপজেলা থেকে শান্তি কমিটির নেতা এম. এ হান্নান এবং তাঁর দুই সহযোগী ফকরুজ্জামান ও গোলাম রব্বানী ধরে নিয়ে যান। তাঁকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়।

ময়মনসিংহে গ্রেপ্তার আরও ৩
এদিকে একই মামলায় ময়মনসিংহ থেকে আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ও ত্রিশাল থানা পুলিশ ওই তিন জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, হরমুজ আলী, মিজানুর রহমান ওরফে মিন্টু ও গোলাম সাব্বির। তাদের বাড়ি ত্রিশাল উপজেলায়। তারা বর্তমানে ময়মনসিংহ শহরের বসবাস করছিলেন। তবে হরমুজ আলীকে ত্রিশাল থানা-পুলিশ বৈলর গ্রাম থেকে গ্রেপ্তার করে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান তিন জনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।