জাপানি নাগরিককে হত্যার হুমকির ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের নাগরিক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কর্মকর্তা ইয়োশুমোবু তাতেওয়াকিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তাঁরা হলেন মো. হাবিবুল্লাহ (৩২) ও মো. এনামুল হক ভূঁইয়া (৩০)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইন সংবাদমাধ্যম ‘ডিএমপি নিউজ’-এ বলা হয়, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোবাইলে জাপানি নাগরিক ইয়োশুমোবুর মুঠোফোনে ‘জামাত ই তালিবান’ পরিচয়ে একটি খুদে বার্তা আসে। বার্তায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরি করে (জিডি) জাপানে চলে যান।
জিডি তদন্ত করতে গিয়ে সিটিটিসির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ গ্রেপ্তার দুজনের সন্ধান পায়। গ্রেপ্তারের সময় হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মুঠোফোন সেট ও সিমটিও পাওয়া গেছে। এ ব্যাপারে হাবিবুলল্লাহ ও এনামুলের বিরুদ্ধে গুলশান থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার (সাইবার অপরাধ দমন ও নিরাপত্তা বিভাগ) নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুজনের কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। ‘জামাত ই তালিবান’ নামেও কোনো সংগঠনের অস্তিত্ব নেই। তবে এনামুল ‘বাঁশের কেল্লায়’ লেখালেখি করতেন। যে মুঠোফোন থেকে হুমকি দেওয়া হয়েছে, সেটি হাবিবুল্লাহর নামে নিবন্ধন করা। গ্রেপ্তার দুজনকেই চার দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।