জাপানি নারী হত্যার পলাতক আসামি গ্রেপ্তার
জাপানি নারী হিরোয়ে মিয়াতা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জাকির পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সকালে যশোর থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
আবু বকর মিয়া বলেন, জাকির ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রায় ২৪ দিন ধরে মিয়াতা (৬১) নিখোঁজ ছিলেন উল্লেখ করে গত ১৯ নভেম্বর জাপান দূতাবাসের এক কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেন। পরে জানা যায়, ২৯ অক্টোবর মিয়াতা মারা গেছেন।
মিয়াতাকে হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় ছয়জনকে আসামি করে মামলা করে পুলিশ। এ মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। পলাতক ছিলেন জাকির।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় ১০ বছর ধরে ঢাকায় ছিলেন মিয়াতা। দীর্ঘদিন ধরে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরে সিটি হোমস নামে একটি আবাসিক হোটেলে থাকতেন। ঢাকার কয়েক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া জাপান সরকারের পেনশনও পেতেন তিনি।