জাপার সাংসদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় পার্টির (জাপা) সাংসদ এম. এ হান্নানসহ মোট তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে। ময়মনসিংহের বিচারিক আদালতে আজ বুধবার দুপুরে রহিমা খাতুন নামে এক শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী মামলাটি করেন।
বিচারিক আদালতের হাকিম মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন। মামলার অপর দুই আসামি হলেন জেলায় তৎকালীন আলবদর বাহিনীর সদস্য ফকরুজ্জামান ও গোলাম রব্বানী।
মামলার আরজিতে বলা হয়েছে, ১৯৭১ সালের অক্টোবরে ত্রিশাল উপজেলার বৈলর মুন্সীপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে গৌরীপুর উপজেলা থেকে শান্তি কমিটির নেতা এম. এ হান্নান এবং তাঁর দুই সহযোগী ফকরুজ্জামান ও গোলাম রব্বানী ধরে নিয়ে যান। তাঁকে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়।
মামলা দায়েরের পর ময়মনসিংহের বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালে ত্রিশালের বর্তমান সাংসদ এম. এ হান্নান শান্তি কমিটির প্রভাবশালী নেতা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতা করেছিলেন এবং হত্যাসহ নানা ধরনের অপকর্মে জড়িত ছিলেন।