জাফর ইকবাল ও তাঁর স্ত্রীকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল এবং তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে তাঁদের এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত শুক্রবার বিকেলে তাঁরা জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জালালাবাদ থানা সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে বুধবার এই শিক্ষক দম্পতিকে খুদে বার্তার মাধ্যমে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মুহম্মদ জাফর ইকবাল একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ ঘটনার পর তাঁদের বাসভবনে সশস্ত্র পুলিশি পাহারা বসানো হয়েছে। এর আগেও বেশ কয়েকবার মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দিয়েছিল বিভিন্ন উগ্রবাদী সংগঠন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, জাফর ইকবালের নিরাপত্তায় আগে থেকেই সশস্ত্র পুলিশ মোতায়েন ছিল। ফের খুদে বার্তার মাধ্যমে হুমকির কারণে তাঁর বাসভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।