জাফর উল্যাহর পথসভায় গুলি, ওসিসহ আহত ৭
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গতকাল শনিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর একটি পথসভায় গুলির ঘটনা ঘটেছে। শটগানের গুলিতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামসহ সাতজন আহত হয়েছেন।
সভায় উপস্থিত আওয়ামী লীগের এক নেতার শটগান থেকে ওই গুলির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আর তদন্তের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, শটগানটি ওই নেতার হাতেই ছিল। কিন্তু ওই নেতার দাবি, তিনি সভায় উপস্থিতই ছিলেন না। সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি সেতু নির্মাণের জায়গা নির্ধারণের জন্য উপজেলার পরারণ গ্রামের মুন্সিবাড়ি কুমপাড় এলাকায় কাজী জাফর উল্যাহর পথসভার আয়োজন করা হয়। সকাল সাড়ে আটটার দিকে কাজী জাফর উল্যাহ সভাস্থলে গিয়ে চেয়ারে বসেন। এ সময় তাঁর বাঁ দিকে বসেছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দীপক মজুমদার। সভা চলাকালে শটগান থেকে গুলি বের হয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামসহ সাতজন আহত হন। এ ঘটনার পর সভাস্থলে হুলুস্থুল পড়ে যায়। সভার কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং সভায় আসা লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁরা হলেন সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়ন পরিষদের সদস্য সাহেব আলী (৪৮), ভাঙ্গার আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ইউনিটের সভাপতি সোবহান মিয়া (৬৫), পরারণ গ্রামের জমির মাতুব্বর (৬০) ও ফরমান মাতুব্বর (৫৬), খাটরা গ্রামের শাহজাহান মিয়া (৫০) এবং সদরপুরের চরমানাই গ্রামের ইমারত আকন (৫৬)। ওসি নাজমুল ইসলাম ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ইমরান আলী বলেন, গুলিবিদ্ধ মোট সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে ওসি নাজমুল ইসলামের আঘাত সামান্য। বাকি ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের বুক, পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়েছে।
আহত সাহেব আলী বলেন, ‘আমরা সভাস্থলের বাঁ পাশে বসেছিলাম। কিছু বুঝে ওঠার আগেই একটি শব্দ হলো ও গুলি এসে আমার ও আশপাশে যারা বসা ছিল, তাদের গায়ে লাগল।’
নিজের শটগানের গুলির ঘটনা সম্পর্কে দীপক মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমি ওই সভাতেই ছিলাম না, তাই আমার শটগান থেকে গুলির প্রশ্নই আসে না।’ তিনি আরও বলেন, ‘শুনেছি, সভায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতেই কয়েকজন আহত হয়েছেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর মুঠোফোনে গতকাল দুপুরে কয়েক দফায় ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে সভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউলাহ প্রথম আলোকে বলেন, দীপক মজুমদার তাঁর শটগানটি এক তরুণের হাতে রাখতে দেন। ওই তরুণ কৌতুহলবশত ট্রিগারে চাপ দিলে গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় ওসি নাজমুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়েছে, সভা চলাকালে দীপক মজুমদার তাঁর লাইসেন্স করা শটগান নাড়াচাড়া করছিলেন। এ সময় একটি কার্তুজ মিস ফায়ার হয়।
এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছেন নির্বাহী হাকিম ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। শটগানটি দীপক মজুমদারের হাতেই ছিল। কোনোভাবে হয়তো গুলি চেম্বারে চলে এসেছিল। এ কারণে ট্রিগারে চাপ লাগায় এ ঘটনা ঘটেছে।’