জাফরুল্লাহর বিরুদ্ধে আবারও আদালত অবমাননার অভিযোগ
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবারও আদালত অবমাননার অভিযোগ উঠেছে। তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক তাঁর বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আজ সোমবার এই অভিযোগটি জমা দেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। তিনি প্রথম আলোকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদালত অবমাননার দায়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গত ১০ জুন সাজা দেয়ার পর আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের সম্পর্কে কটূক্তি করেন। এ ছাড়া গণমাধ্যমের কাছে তিনি বিচারকদের সম্পর্কে এমন কিছু কথা বলেছেন, যাতে আদালত অবমাননাকর উপাদান আছে।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তর জানায়, পাঁচজন ব্যক্তির পক্ষে এ অভিযোগপত্রটি জমা দেয়া হয়েছে। এঁরা হলেন মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, আলী আজগর ও শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও সংগঠক এফ এম শাহীন। এটি ট্রাইব্যুনাল-২-এ পাঠানো হয়েছে।
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় গত ১০ জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার দণ্ড দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ট্রাইব্যুনাল তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। আদেশে এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ডা. জাফরুল্লাহ এজলাসে দাঁড়িয়ে সাজা ভোগ করলেও অর্থদণ্ডের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। গত ১৬ জুন চেম্বার আদালত তাঁর অর্থদণ্ডের কার্যকারিতা স্থগিত করে দেন এবং শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ৫ জুলাই ওই আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। তবে আজ সোমবার পর্যন্ত সেটি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠেনি। একটি অভিযোগ অনিষ্পন্ন থাকা অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবার আদালত অবমাননার অভিযোগ উঠল।