অপহৃত শিশু জাফরের ফেরা
আবু জাফর আর আবু সালেক যমজ শিশু। ছয় মাস আগে ওদের জন্ম। রাজধানীর মোহাম্মদপুরে মা-বাবার আদরযত্নে বড় হচ্ছিল। ১৬ দিন আগে আবু জাফর বাসার সামনে থেকে অপহৃত হয়। শিশুটির বাবা শাহজাহান খুঁজে চলেন সন্তানকে। শেষমেশ গত ৩১ মে মোহাম্মদপুর থানার পুলিশ নীলফামারী থেকে জাফরকে উদ্ধার করে। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় ভর্তি করা হয় হাসপাতালে। আজ মঙ্গলবার তাকে ঢাকার শিশু আদালতে নিয়ে আসে পুলিশ। আদালত শিশুটিকে তার বাবার জিম্মায় দেন।
জাফরের বাবা শাহজাহান আদালতের বারান্দায় দাঁড়িয়ে বলছিলেন, ‘জাফর যেদিন থেকে অপহৃত হয়, সেদিন থেকে পাগলের মতো তাঁকে খুঁজে চলেছি। কত জায়গায় যে খুঁজেছি, তা বলে শেষ করতে পারব না। অনেক কষ্ট করেছি। তবে পুলিশ আমার বাচ্চাকে উদ্ধার করে দিয়েছে। আমি চিরদিন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব।’
শাহজাহান পেশায় রিকশাচালক। মাঝেমধ্যে কৃষিকাজও করেন। তাঁর পাঁচ সন্তান।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, জাফর-সালেকের মা মোর্শেদা বেগম কিছুটা অপ্রকৃতিস্থ। গত ২০ মে জাফরকে তিনি কোলে নিয়ে বাসার বাইরে আসেন। তখন শিল্পী বেগম নামের এক নারী জাফরকে কোলে নেন। এরপর আবার বাসায় যান তার মা। জাফরকে কোলে নিয়ে শিল্পী বেগম চলে যান নীলফামারীতে। শিল্পী জাফর-সালেকদের বাসার পাশেই ভাড়া থাকতেন। আট দিনের মাথায় শিল্পী ঢাকায় ফিরে আসেন। জাফরের বাবা তাঁর সন্তানের বিষয়ে শিল্পীকে জিজ্ঞাসা করলে তিনি শিশুটিকে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে শিল্পী বলেন, তিনি জাফরকে নীলফামারীতে এক নারীর কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। এরপর পুলিশ শিশুটিকে কিনে নেওয়া নীলফামারীর শাহীনা বেগমের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় জাফর।
আদালত সূত্র বলছে, জাফরকে অপহরণের মামলায় শিল্পী বেগম গত ৩১ মে গ্রেপ্তার হন। আদালতের আদেশে পুলিশ তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। এ ছাড়া নীলফামারীর শাহীনা নামের নারীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ সাত দিন রিমান্ডের আবেদন করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বর্মণ প্রথম আলোকে বলেন, জাফর অপহরণে জড়িত শিল্পীর নির্দিষ্ট কোনো পেশা নেই। বিবাহিত হলেও বর্তমানে স্বামীর কাছ থেকে আলাদা থাকেন। শিশুটিকে নীলফামারীতে নিয়ে তিনি শাহীনার কাছে বিক্রি করে দেন। এর আগেও শিল্পী কিংবা শাহীনা বেগম ঢাকা থেকে কোনো শিশুকে অপহরণ করে নিয়ে বিক্রি কিংবা অন্য কোনো অপরাধ করেছেন কি না, তা খোঁজা হচ্ছে।

জাফরকে কোলে করে আদালতে নিয়ে আসেন তার বড় বোন। শিশুটিকে কান্নাকাটি করতে দেখা যায়। জাফরের সহোদর সালেক আছে তার মায়ের কাছে। শিশু জাফরের বাবা শাহজাহান বলেন, ‘জাফর আমার কোলে ফিরে এসেছে। আবার জাফর আর সালেক একসঙ্গে ঘুমাবে। একসঙ্গে খাবে। একই জামাকাপড় কিনব।’ কথা বলতে বলতে আবেগতাড়িত হন শাহজাহান । আনন্দে কাঁদতে থাকেন। তিনি বলেন, ‘জাফর আর সালেক অনেক বড় হবে। তাদের লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করব।’