সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে দুই নদ-নদী পিয়াইন ও ডাউকি। ১৯৮৮ সালের বন্যায় গতিপথ পরিবর্তন হয়েছে পিয়াইনের। জাফলং হয়ে সিলেট অঞ্চলে পাহাড়ি ঢল নামে শুধু ডাউকি নদী দিয়ে। পিয়াইন নদের গতিপথ পরিবর্তিত হওয়া বাঁকে গিয়ে পাহাড়ি ঢলের তোড়ে নিয়ন্ত্রিত হয়ে গুয়াইন নদ দিয়ে প্রবাহিত হয়। আসছে বর্ষা, তাই পাহাড়ি ঢল নামার এই সময়ে ‘ভয়’ পাথর উত্তোলনে অবৈধ যন্ত্র ‘বোমা মেশিন’ ব্যবহার নিয়ে।
সরেজমিনে পিয়াইন নদের বাঁক ঘুরে দেখা গেছে, নদের চর থেকে শুরু করে জাফলং চা-বাগানের সম্মুখ পর্যন্ত পুরো এলাকাজুড়ে চলছে শতাধিক বোমা মেশিন। অবাধে পাথর উত্তোলন, যত্রতত্র খোঁড়াখুঁড়িতে গত পাঁচ বছরে প্রায় ৩০০ একর চা-ভূমি ধসে যাওয়ায় জাফলংয়ে এখন পাহাড়ি ঢলের চেয়ে বোমা মেশিন নিয়েই বড় ভয়।
জাফলং সিলেটের অন্যতম পর্যটন এলাকা। সেখানকার সীমান্তবর্তী আদিবাসী পল্লি আর সীমান্ত-লাগোয়া জাফলং চা-বাগান হচ্ছে বেড়াতে যাওয়া মানুষের প্রধান আকর্ষণ। পিয়াইন ও ডাউকি দুটোই সীমান্ত নদ-নদী। বর্ষাকালে এ দুই নদ-নদী দিয়ে পাহাড়ি ঢল নামে। শুষ্ক মৌসুমে পাথর উত্তোলনে যত্রতত্রভাবে যন্ত্র ব্যবহার করায় পাহাড়ি ঢলের মাত্রা প্রতিবছর বেড়েই চলেছে।
পিয়াইন নদের বাঁকে গিয়ে দেখা গেছে, আশপাশের এলাকার মাটি ধসে ছোটখাট ডোবার আকার ধারণ করেছে। তীরে চা-পাতার গাছ দেখে বোঝা যায় এখানে একসময় চা-বাগান ছিল। ডোবা-আকৃতির ওই গর্তের চারদিক খোঁড়াখুঁড়ি করে পাথর উত্তোলন করে নেওয়ার পর যন্ত্রগুলো ঠায় পড়ে আছে। কোথাও বড় বড় পাইপ বসানো, চলছে যন্ত্র সংযোগ দেওয়ার তোড়জোড়।
গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সংগ্রামপুঞ্জিতে খাসি আদিবাসী ও বাঙালি পরিবারের বসবাস। আদিবাসীসহ স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৮৮ সালের বন্যায় আদিবাসী খাসি সম্প্রদায় অধ্যুষিত সংগ্রামপুঞ্জির এক-তৃতীয়াংশ পিয়াইনের গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তদারকিতে এক কিলোমিটার দীর্ঘ একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। এরপর সংস্কার না হওয়ায় ২০১২ সালের বর্ষার আগে আদিবাসীরা স্বেচ্ছাশ্রমে সেটি পুনর্নির্মাণ করেছিলেন। পাথর উত্তোলনে সেই বাঁধজুড়েই চলছে যত্রতত্র খোঁড়াখুঁড়ি।
একদিকে সীমান্ত, অন্য দুই দিকে নদীবেষ্টিত জাফলং চা-বাগান। ২ হাজার ২০০ একর আয়তনের চা-বাগানের উত্তর-পূর্ব দিকে পিয়াইন নদের চর। গুয়াইন নদের মিলন রেখা এই চর থেকে। এ চরে চলে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন। প্রতি বর্ষা মৌসুম শেষে বোমা মেশিন বসানোর যন্ত্রগুলোর স্থানও পরিবর্তিত হয়। জাফলং চা-বাগানের ব্যবস্থাপক এস এম একরামুল কবীর জানান, এবার বোমা মেশিনগুলো একেবারে চা-বাগানের কাছাকাছি চলে আসায় বাগানের নিজস্ব ভূমি জরিপ করে দেখা গেছে প্রায় ৩০০ একর চা-ভূমি ধসে গেছে। বিষয়টি পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনকে জানানোর পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বর্ষা নামার আগে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ না হলে পাহাড়ি ঢলে আরও প্রায় ২০০ একর চা-ভূমি ধসে যাওয়ার আশঙ্কা তাঁর।
বোমা মেশিন মাটির প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর থেকে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করায় ভূগর্ভস্থ পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। এতে ভূমিধসের আশঙ্কা থাকায় পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৯ সালে উচ্চ আদালতে এ-সংক্রান্ত একটি রিট করলে ‘বোমা মেশিন’ নিষিদ্ধ ঘোষণা হয়। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনকে নিয়ে এ-সংক্রান্ত অভিযান পরিচালনা করতে নির্দেশনা জারি করা হয়। নির্দেশনার পরিপ্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়। এসব অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিত্ব করেন সহকারী পরিচালক।
টাস্কফোর্সের একটি সূত্র জানায়, পিয়াইন নদের চরে ২১ জন পাথর ব্যবসায়ীর একটি চক্র অবৈধ বোমা মেশিন ব্যবহার করছে। এতে রাজনৈতিক ছত্রচ্ছায়াও আছে। টাস্কফোর্সে ওই চক্রের ২১ জনের নাম নিয়ে এবারের বর্ষা আসার আগে দুই দফা অভিযান চালানো হলেও তাঁদের হাতেনাতে পাওয়া যাচ্ছে না বলে আইনি ব্যবস্থা নেওয়াও হচ্ছে না।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযান শুরুর আগেই কোনো কোনো মাধ্যম থেকে বোমা মেশিন চালকেরা খবর পেয়ে যান। এ কারণে হাতেনাতে ধরা সম্ভব হয় না।’ তবে এ ব্যাপারে কিছুটা কৌশলী হয়ে অভিযান চালানো হবে বলে তিনি জানান।