জাফলংয়ে আবার পাথর তুলতে গিয়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গর্ত খুঁড়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে আবার প্রাণ গেল শ্রমিকের। আজ বৃহস্পতিবার সকালে সেখানকার নয়াবস্তি এলাকায় পাথর তুলতে গিয়ে মাটি ও পাথরচাপায় দুই শ্রমিক মারা যান। আহত হন আরও দুজন।

নিহত দুই শ্রমিক হলেন আকরাম মিয়া (৩২) ও লেচু মিয়া (৩০)। আহত দুজন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, শ্রমিকেরা রাতে গর্ত খুঁড়েছিলেন। ভোর থেকে পাথর তুলতে শুরু করেন। এ সময় দুজন পাথর ও মাটির নিচে চাপা পড়েন। অন্য শ্রমিকেরা তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেনের ভাষ্য, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।

৮ মার্চ মন্দিরজুম এলাকায় গর্ত খুঁড়ে পাথর উত্তোলনের সময় ধসে মো. মুস্তাকিম (২০) নামের একজন পাথরশ্রমিক নিহত হন। এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাফলংয়ে চুনাকোয়ারিতে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় দুই পাথরশ্রমিক নিহত হন। গত ১৯ ফেব্রুয়ারি একই উপজেলার জাফলং পার্শ্ববর্তী বিছনাকান্দি এলাকায় পাথর তোলার সময় মাটি ও পাথরচাপায় তিনজন পাথরশ্রমিক নিহত হন।

এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গত ২৩ জানুয়ারি মাটিচাপায় পাঁচজন শ্রমিক নিহত হন। ১১ ফেব্রুয়ারি একই জায়গায় একই ঘটনায় নিহত হন আরেক শ্রমিক। ১ মার্চ কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় মাটিচাপায় একজন পাথর ব্যবসায়ী ও ৬ মার্চ উৎমা পাথর কোয়ারিতে আরেকজন শ্রমিক নিহত হন।