জাফলংয়ে চুনাপাথর তুলতে গিয়ে গর্ত ধসে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিছনাকান্দির পর জাফলংয়ে এবার শ্রমিক হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেলে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলংয়ের চুনা কোয়ারিতে চুনাপাথর তুলতে গিয়ে গর্ত ধসে ঘটনাস্থলেই মারা গেছেন দুজন শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নিহত ব্যক্তিরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের কামরুজ্জামান (৩০) ও তাজউদ্দিন (৩২)। একই এলাকার আবদুর রশিদ (২৫) নামের আরেক শ্রমিককে আহতাবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন গর্তমালিক ও ছয়জন পাথরশ্রমিককে আটক করেছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ওই ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, আফসর আলী ও দুলাল আহমদ নামের দুই ব্যক্তি গতকাল সকালে চুনা কোয়ারিতে একটি গর্ত খুঁড়ে চুনাপাথর তোলার কাজ শুরু করেন। বিকেলে গর্তের এক পাশ ধসে পড়লে মাটি ও পাথরের মধ্যে চাপা পড়েন তিনজন। শ্রমিক হতাহতের খবর পেয়ে আফসর আলী পালিয়ে যান। গর্তের অপর মালিক দুলালকে আটক করেছে পুলিশ।

১০ ফেব্রুয়ারি একই উপজেলায় বিছনাকান্দি পাথর কোয়ারিতে রাতে পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধসে তিনজন শ্রমিক নিহত হয়েছিলেন। এর আগে গত ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে টিলা ধসে মারা যান পাঁচজন শ্রমিক। এ নিয়ে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় গত প্রায় এক মাসে তিনটি পৃথক ঘটনায় ১০ জন শ্রমিক মারা গেলেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট অঞ্চলের সমন্বয়ক শাহ শাহেদ আক্তার বলেন, ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি জাফলংকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা বলে ঘোষণা করতে নির্দেশনা দেন আদালত। পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়। এ অনুযায়ী জাফলংয়ের ১৪ দশমিক ৯৩ বর্গমিটার এলাকায় পাথর উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ।