জাফলংয়ে ফের 'বিলাই বোমা'

দিনের বেলায় পরিত্যক্ত স্থাপনার মতো দেখা যায়। সন্ধ্যা গড়ালে সেই সব খালি স্থাপনায় বসানো হয় যন্ত্র। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্র চলে ভোররাত পর্যন্ত। সিলেটের জাফলংয়ের পিয়াইন নদে টাস্কফোর্সের অভিযানকে ফাঁকি দিতে দিনে বন্ধ রেখে রাতে এখন এভাবেই চলে পাথর উত্তোলনে অবৈধ যন্ত্র। দিনে বন্ধ রেখে রাতে চাতুরির সঙ্গে অবৈধ পাথর উত্তোলন চলে বলে এই কৌশলের নাম হয়েছে ‘বিলাই বোমা’।
গত বৃহস্পতিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত চলতি সপ্তাহের টানা তিন দিনের পর্যবেক্ষণে দেখা গেছে, জাফলং চা-বাগান লাগোয়া কান্দুবস্তি, নয়াবস্তি ও খাসিপল্লি এলাকায় পিয়াই নদে চলে এই যন্ত্র। দিনের বেলায় এসব যন্ত্র চালুর স্থাপনা নদের তীরে প্রকাশ্যেই তৈরি করা হয়। সন্ধ্যার পর যন্ত্রের স্থাপনা নদে ফেলে রেখে রাতভর চলে উত্তোলন।
গোয়াইনঘাট উপজেলার সীমান্তঘেঁষা নদ পিয়াইন ও ডাউকি নদী দিয়ে পাহাড়ি ঢল নামার শুরু থেকে চলছে বিলাই বোমা। জাফলং এলাকার নদ-নদীর তীর, বিভিন্ন বসতি, স্থাপনা ও বেড়িবাঁধ এলাকার কাছাকাছি এই যন্ত্র চলায় উদ্বিগ্ন এলাকাবাসী গত ৫ মে মানববন্ধন ও সমাবেশ করে বিলাই বোমা বন্ধে টাস্কফোর্সের অভিযান দিনের বেলার পাশাপাশি রাতেও পরিচালনা করতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, এলাকাবাসীর এই কর্মসূচির পর ধারাবাহিকভাবে ওই মাসে দিনের বেলায় টাস্কফোর্স আটটি অভিযান চালায়। এরপর থেকে বিলাই বোমা বন্ধ হয়েছিল। সম্প্রতি আবার শুরু হওয়ায় এলাকাবাসী এবার দিনে ও রাতে সমানে টাস্কফের্সের অভিযান চালানোর দাবি করছেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পাথর উত্তোলনে অবৈধ যন্ত্র বোমা মেশিন সাধারণত পাথর কোয়ারির প্রায় ২০ থেকে ৪০ ফুট গভীর গর্ত করে চালানো হয়। তবে বর্ষাকালে পাথর কোয়ারি এলাকা প্লাবিত হয়ে পড়লে বোমা মেশিন বন্ধ থাকে। তবে এবারের বর্ষায় নতুন এই কৌশলে বোমা মেশিন চলা শুরু হয়েছে।
পূর্ব জাফলং এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দিনে টাস্কফোর্সের অভিযান চলায় বোমা মেশিন পরিচালনায় থাকা ব্যক্তিরাই দিনে সাধু সেজে থাকেন। রাতে এরাই অবৈধ যন্ত্র দিয়ে নানা কৌশলে পাথর উত্তোলন করেন। এতে করে পিয়াইন নদের তীরে অকালবন্যা মোকাবিলায় ২০১৩ সালে নির্মিত বেড়িবাঁধের প্রায় চার কিলোমিটার অংশ হুমকির মুখে পড়েছে। এই প্রবণতা বন্ধ করা না হলে বেড়িবাঁধ ভেঙে কৃষিজমি ও বসতি এলাকার বিনাশ হওয়ার আশঙ্কা স্থানীয় লোকজনের।
দিনে বন্ধ রেখে রাতে চালানোর বিষয়টি উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্সকে অবহিত করলে তারাও এর সত্যতা নিশ্চিত করেছে। গতকাল সোমবার টাস্কফোর্সের প্রধান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ কুমার পাল প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার এলাকা পরিদর্শন করে রাতে অভিযান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, কয়েক হাজার মানুষ অবৈধ যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করেন। যেখানে দিনের বেলায় অভিযান চালানো ঝুঁকির, সেখানে রাতে অভিযান আরও ঝুঁকির। এরপরও কোনো বিকল্প পাওয়া যাচ্ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে রাতে অভিযান চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।