জামপুরে আবারও ডাকাতি, চারজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক দিনের ব্যবধানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে পাকুন্দা গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে চারজনকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাত দল।
জামপুরের পাকুন্দা গ্রামের ব্যবসায়ী সিরাজ মোল্লা বলেন, সোমবার রাত একটার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল তাঁর বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা তাঁর বৃদ্ধ বাবা আমিরুল হক মোল্লা, মা উম্মে কুলসুম, স্ত্রী শিল্পী সুলতানা ও ছোট ভাই মিনারুল হক মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ১ লাখ ১০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ ঘরের বিভিন্ন আসবাব লুট করে নিয়ে যায়। আহত ব্যক্তিদের রূপগঞ্জের ভুলতায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী সিরাজ মোল্লা অভিযোগ করে বলেন, ‘ঘটনার পর মামলা করতে চাইলে পুলিশ বলেছে, মামলা করে লাভ হবে না। আমরা ডাকাত দলকে গ্রেপ্তার করার চেষ্টা করছি।’
সোনারগাঁ থানার এসআই আবদুল হক শিকদার বলেন, ‘আড়াইহাজার থেকে ডাকাত দল এসে জামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডাকাতি করছে বলে আমরা তদন্ত করে জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে রোববার একই ইউনিয়নের বরগাঁও গ্রামের বাসিন্দা বাহর আলীর বাড়িতেও ডাকাতি হয়।
সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, তাঁর ইউনিয়নে ধারাবাহিকভাবে দু-এক দিন পরপর ডাকাতি হচ্ছে। গ্রামবাসী রাত জেগে লাঠি-বাঁশি নিয়ে পাহারা দিয়েও ডাকাতি বন্ধ করতে পারছেন না। কোনো ডাকাতকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ।