জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরকে খুনের অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় গতকাল শনিবার সকালে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুনের অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আবদুল জলিল (৫৭)। তিনি উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা। জামাইয়ের নাম আনোয়ার হোসেন (৪৫)। তিনিও একই গ্রামের বাসিন্দা।
আনোয়ার হোসেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় পুলিশ আনোয়ার হোসেনের বোন মিনা (৩৫), ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ ও ভাগনে রিপনকে (৩০) আটক করেছে। পলাতক জামাইকে এই মামলায় প্রধান আসামি করা হয়েছে।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় নিহত আবদুল জলিলের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে জামাইসহ আটক ব্যক্তিদের আসামি করা হয়েছে। প্রাথমিক সাক্ষ্য-প্রমাণে তাদের মনে হয়েছে আনোয়ার হোসেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, আনোয়ার হোসেন প্রায় ১৬ বছর আগে প্রতিবেশী আবদুল জলিলের মেয়ে নীলাকে বিয়ে করেন। বিয়ের পর তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে হয়। নেশা করার কারণে কয়েক বছর আগে তাঁর চাকরি চলে যায়। নেশাগ্রস্ত
হয়ে প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন।
গত ফেব্রুয়ারি মাসে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। নীলা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এরই মধ্যে নীলাকে আবারও ফিরিয়ে নিতে তৎপর হয়ে উঠেন আনোয়ার। এ নিয়ে গত শুক্রবার দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। গতকাল শনিবার ভোরে আবদুল জলিল খেজুরের রস সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা জলিলের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।