জামাইয়ের কাণ্ড!
নওগাঁর বদলগাছিতে শ্যালিকার বিয়ে নিয়ে বিরোধে জামাই তাঁর শ্বশুরবাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে বাড়িটির টিনের ছাউনি ভস্মীভূত হয়ে যায়। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কামালপুর গ্রামের মৃত আব্বাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃত আব্বাস আলীর দ্বিতীয় জামাই আশরাফুল শ্বশুরবাড়িতেই থাকতেন। জামাইকে না জানিয়ে শাশুড়ি রেহেনা পারভিন ছোট মেয়ের বিয়ে ঠিক করেন। এতে ক্ষুব্ধ আশরাফুল শ্যালিকার হবু বরের বাড়িতে গিয়ে তাঁকে এ বিয়ে করতে নিষেধ করেন। বরপক্ষ মেয়ের মাকে ঘটনা জানালে আশরাফুল আরও ক্ষুব্ধ হন। তিনি ওই বাড়িতে শ্যালিকাকে বিয়ে দিলে শ্বশুরের বাড়িঘর পুড়িয়ে দেবেন বলে শাশুড়িকে হুমকিও দেন। তারপরও বিয়ে ভেঙে না দেওয়ায় আশরাফুল গ্রামের লোকজনের কাছেও নিজের ক্ষোভ প্রকাশ করেন।
গত মঙ্গলবার সকালে আশরাফুল মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন। ফেরেন রাত ১১টার দিকে। এর কিছুক্ষণ পরই ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। প্রতিবেশীরা ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নেভান। এ সুযোগে আশরাফুল পালিয়ে যান। আগুনে বাড়িটির টিনের ছাউনি ভস্মীভূত হয়।
প্রতিবেশী ইউনুছার রহমান বলেন, ‘শ্যালিকার বিয়ে দিলে আশরাফুল শ্বশুরবাড়ির ক্ষতি করবেন বলে জানিয়েছিলেন। আমরা জামাইকে বোঝানো চেষ্টা করেছি।’
শাশুড়ি রেহেনা পারভিন বলেন, তাঁকে না জানিয়ে ছোট মেয়ের বিয়ে ঠিক করায় জামাই আশরাফুল ক্ষেপে বাড়িতে আগুন দিয়েছেন।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান গতকাল বলেন, শ্যালিকার বিয়ে ঠিক করায় ক্ষুব্ধ জামাই আশরাফুল ইসলাম শ্বশুরবাড়িতে আগুন দিয়েছেন। ঘটনাটি জানার পর রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়। আশরাফুল পলাতক।