জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের লক্ষারচর এলাকায় গত সোমবার রাতে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা করা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
এজাহার ও আহত নারীর পরিবারসূত্রে জানা গেছে, মদনগঞ্জ লক্ষারচর এলাকার ফিরোজ খানের মেজ ছেলে রলি খানের সঙ্গে আট মাস আগে এলাকার দুলাল মোল্লার মেয়ে মেহেরুন নেছার বিয়ে হয়। বিয়ের পর মেহেরুন জানতে পারেন তাঁর স্বামী মাদকাসক্ত। এ কারণে তিনি স্বামীর সংসার ছাড়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছে। সোমবার রাতে রলি খান শ্বশুরবাড়ি গিয়ে জোর করে স্ত্রীকে আনতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রলি খান শাশুড়ি ফরিদা বেগমের পেটে কয়েকটি ছুরিকাঘাত করেন। পরে লোকজন তাঁকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, ফরিদার ভাশুর অহিদ সরদার বাদী হয়ে রলি খান, তাঁর বাবা ফিরোজ খান ও রলির ভাই রাজু খানকে আসামি করে মামলা করেছেন। ফিরোজ খান ও রাজু খানকে গ্রেপ্তার করা হয়েছে।