জামাইয়ের হাতে শ্বশুর খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে জামাইয়ের হাতে প্রতিবন্ধী শ্বশুর খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকাল নয়টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভাড়ল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন (৫৫)। তাঁর মেয়ের স্বামীর নাম নাসির উদ্দীন। দুজনে একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে জামাই পলাতক।
পুলিশ জানায়, শারীরিক প্রতিবন্ধী দুলালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত দুলালের মেয়ে ও নাসিরের স্ত্রী রূপালী খাতুনের ভাষ্য, সম্প্রতি একমাত্র কন্যাসহ বাবার বাড়িতে থাকা অবস্থায় তাঁর স্বামী তাঁকে তালাকের আবেদন পাঠান। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তাঁর বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার দেন। পরে তা আদালত পর্যন্ত গড়ায়। আজ সকালে তাঁর বাবার বাড়িতে এসে নাসির নিজের মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাঁর ওপর হামলা চালান নাসির। এ সময় বাধা দিতে গেলে নাসির কাঠ দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি জালাল উদ্দীন দুপুরের দিকে বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।