জামাকাপড় ফ্যান বাদ যায়নি কিছুই!
লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ২১ শিক্ষার্থী গতকাল শনিবার দুটি হলের প্রাধ্যক্ষের কাছে আবেদন করেছেন। তাঁদের অনেকের ল্যাপটপ, মুঠোফোন, টেবিল ফ্যান, জামাকাপড়ও লুট হয়েছে। এ ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে শিবিরের সঙ্গে সংঘর্ষের পর ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এ এফ রহমান এবং আলাওল হলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে। হল কর্তৃপক্ষের হিসাবেই দুটি হলেই ভাঙচুর করা হয়েছে ৮৬টি কক্ষ।
এ এফ রহমান হল সূত্র জানায়, প্রাধ্যক্ষ ও দাপ্তরিক কক্ষসহ হলের ৫৪টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। গতকাল বেলা দুইটা পর্যন্ত এ হলের ১৬ জন শিক্ষার্থী তাঁদের মালামালের তথ্য উল্লেখ করে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে ৯ জনই ল্যাপটপ হারানোর কথা বলেছেন। পাশাপাশি প্রায় সবাই মুঠোফোন, টেবিল ফ্যান, টাকাসহ কাপড়চোপড় হারানোর অভিযোগ তুলেছেন।
আলাওল হল সূত্র জানায়, এই হলে আবেদন জমা পড়েছে পাঁচটি। ল্যাপটপ, মুঠোফোন, টেবিল ফ্যানসহ নানা জিনিসপত্র লুট হওয়ার কথা উল্লেখ করেছেন তাঁরা।
ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা এ এফ রহমান হলের ৪৩৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র প্রসূন কুমার দাশ জানান, ভাঙচুরের সময় তিনি কক্ষে ছিলেন না। রাতে এসে দেখেন, দরজা ভাঙা। তাঁর ল্যাপটপ ও মডেম নেই।
লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমালোচনা হচ্ছে। ছাত্রলীগের নেতারা লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাঁদের একজন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য জাহাঙ্গীর আলম। তিনি লিখেছেন, ‘যে রাজনীতি মাসের পর মাস টিউশনির টাকায় কেনা সাধারণ ছাত্রের ল্যাপটপ মুহূর্তেই আমার কাছে চলে আসে, সে রাজনীতি আমার নয়।’ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন। ছাত্রলীগের অনেক নেতা-কর্মীও তাঁর সঙ্গে সহমত পোষণ করে ফেসবুকে মন্তব্য করেছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো কমিটি নেই।
এ এফ রহমান হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করেছেন প্রাধ্যক্ষ। কমিটির অন্য তিন সদস্য হলেন আবাসিক শিক্ষক আলতাফ হোসেন, মো. আসাদুজ্জামান ও সেকশন অফিসার মো. সরোয়ার হোসেন।
আলাওল হল কর্তৃপক্ষ জ্যেষ্ঠ শিক্ষক বখতেয়ার উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির অন্য দুই সদস্য হলেন আবাসিক শিক্ষক কাজী নূর হোসেন ও সেকশন অফিসার মোহাম্মদ হাশেম।
এফ রহমান হলের তদন্ত কমিটিকে লিখিতভাবে বলা হয়েছে, ‘ছাত্রলীগের একটি অংশের কতিপয় কর্মী হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর ও ছাত্রদের মালামাল লুটের মতো ঘটনা ঘটিয়েছে।’ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে কমিটির সদস্যদের।
এ বিষয়ে এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমার হলে কতিপয় শিক্ষার্থী ঢুকে হলের ৫৪টি কক্ষ ভাঙচুর করে আবাসিক সাধারণ শিক্ষার্থীদের ল্যাপটপ, কাগজপত্র এমনকি কাপড়চোপড়ও নিয়ে গেছে। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। যাদের জিনিসপত্র খোয়া গেছে তাদের লিখিতভাবে অভিযোগ জমা দিতে বলা হয়েছে।’
আলাওল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শেখ জহির আহমেদ বলেন, ‘আমার হলের ৩২টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস লুট হয়েছে। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘শিক্ষার্থীদের সনদ কেন নিয়ে যাবে তারা?’
শিক্ষক সমিতির নিন্দা ও প্রতিবাদ
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ও সাধারণ সম্পাদক এস এম খসরুল আলম কুদ্দুসী এক বিবৃতিতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ছাত্রদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু শিক্ষার্থীদের জিনিসপত্র খোয়া যাওয়া কোনোভাবে কাম্য নয়। দুটি হলেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সমাজবিজ্ঞান অনুষদের আওতাধীন শিক্ষার্থীদের দুটি হলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় গতকাল আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতিবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়।