জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে জামাতার ছুরিকাঘাতে আলাতুন নেছা (৭৫) নামের এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ওই সময় জামাতা তাঁর স্ত্রী মাজেদা বেগমকেও আহত করেন বলে অভিযোগে বলা হয়। আজ সোমবার ভোর ছয়টার দিকে উপজেলার গন্ধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জামাতার নাম তোফাজ্জল হোসেন। হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে জামাতার দুই সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকার লোকজন।
পুলিশের ভাষ্য, নিহত আলাতুন নেছা ওই এলাকার মৃত রেজাউর রহমানের স্ত্রী। তাঁদের তিন ছেলে, তিন মেয়ে। এর মধ্যে এক মেয়ে মাজেদার (৩৩) স্বামী তোফাজ্জল (৩৬)। তিনি জামদানি কারিগর ছিলেন। মাদকাসক্ত হয়ে কাজ ছেড়ে দেন। এখন বেকার। মাজেদা আগে একটি পোশাকশিল্প কারখানায় কাজ করতেন। স্বামী-স্ত্রী দুজনই বেকার থাকায় তাঁদের সংসারে অভাব দেখা দেয়। তোফাজ্জলের মাদকাসক্তি এতে আরও অশান্তি সৃষ্টি করে। বেশ কয়েক দিন ধরেই তোফাজ্জল জমি বিক্রি করে টাকা দিতে শাশুড়ি আলাতুন নেছাকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে শাশুড়ির সঙ্গে বেশ কয়েকবার তাঁর ঝগড়া হয়। এর জের ধরে আজ ভোরে দরজা ভেঙে ঘরে ঢুকে আলাতুন নেছাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তোফাজ্জল হোসেনসহ তাঁর সহযোগীরা। ওই সময় মাকে স্বামীর হাত থেকে বাঁচাতে গিয়ে মাজেদাও আহত হন।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, আহত মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জামাতা তোফাজ্জলের সহযোগী আতাবুর রহমান ও সানাউর হোসেন সানুকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে তোফাজ্জল হোসেন পালিয়ে যান। আহত মা-মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আলাতুন নেছাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করার চলছে বলে তিনি জানান।