জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন, শাশুড়ি আহত
পাবনা জেলা শহরের শালগাড়িয়া মহল্লায় যৌতুক না পেয়ে এক জামাতা তাঁর শ্বশুর মোজাফ্ফর হোসেনকে (৬০) ছুরিকাঘাত করে হত্যা করেছেন। এ সময় তিনি শাশুড়ি রিজিয়া খাতুনকে (৫০) কুপিয়ে আহত করেন।
নিহত মোজাফ্ফর হোসেনের বাড়ি জেলার সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামে। তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। অবসর গ্রহণের পর পাবনার শালগাড়িয়া মহল্লায় বাড়ি তৈরি করে বসবাস করতেন।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুনশি আবদুল কুদ্দুস বলেন, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে মোজাফ্ফর হোসেনের ভাই মোকারম হোসেন বাদী হয়ে জামাতা ইকবাল হোসেন, তাঁর বড় স্ত্রী ও ভাই-ভাবিসহ ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় ইকবালের বড় স্ত্রী রাশেদা আখতার ও ভাবি শিরিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান চালানো হচ্ছে। মোজাফ্ফরের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার, থানা-পুলিশ ও মোজাফ্ফরের পরিবার সূত্রে জানা যায়, মোজাফ্ফর হোসেনের কোনো ছেলে নেই। একমাত্র মেয়েকে দুই বছর আগে আটঘরিয়া উপজেলার ভরতপুর গ্রামের ইকবাল হোসেনের সঙ্গে বিয়ে দেন। ছেলেটি উচ্চশিক্ষিত। কিন্তু কোনো চাকরি করতেন না। কিন্তু ঢাকায় বড় চাকরি করেন বলে গল্প শোনাতেন। বিয়ের সময় তাঁকে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দেওয়া হয়। কিছুদিন পর তিনি মোটরসাইকেলটি হারিয়ে ফেলেন। এরপর আরেকটি মোটরসাইকেল দেওয়া হয়। কাজকর্ম না করায় অভাবে পড়ে তিনি সেটিও বিক্রি করে ফেলেন। এর মধ্যে মোজাফ্ফর হোসেন জানতে পারেন যে জামাতা ইকবাল হোসেন আগে আরও দুটি বিয়ে করেছেন। তাঁর মেয়ে ছেলেটির তৃতীয় স্ত্রী। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এসবের মধ্যে কিছুদিন ধরে ইকবাল হোসেন শ্বশুর মোজাফ্ফরের কাছে আরও একটি মোটরসাইকেল দাবি করেন। সেই সঙ্গে তাঁর শালগাড়িয়া মহল্লার বাড়িটিও নিজের নামে লিখে দেওয়ার দাবি তোলেন।
মামলার এজাহারে বাদী দাবি করেন, নিজের স্বার্থসিদ্ধির এসব দাবি নিয়ে বুধবার রাত দুইটার দিকে ইকবাল ঢাকা থেকে পাবনায় শ্বশুরবাড়ি আসেন। এসেই শ্বশুর ও শাশুড়ির কাছে নিজের দাবির কথা জানান। শ্বশুর-শাশুড়ি দাবি না মানায় তিনি তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে মোজাফ্ফর হোসেন গতকাল বৃহস্পতিবার সকালে মারা যান।