জামাতার ভাইকে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নয় দিন ধরে আটকে রাখা গিয়াস উদ্দিন (১১) নামের এক শিশুকে গতকাল রোববার উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুকে তার বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন মুক্তিপণের দাবিতে আটকে রেখেছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের বাজিতপুরের মুন্সিকান্দা গ্রামের সুজন মিয়ার সঙ্গে তিন বছর আগে গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার কদম মৃধার ছোট মেয়ে ফাতেমা আকতারের বিয়ে হয়। দেড় মাস আগে ফাতেমা একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।
৩ অক্টোবর সুজন ছোট ভাই গিয়াসকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ির লোকজন গিয়াসকে আটকে রেখে সুজনকে তাড়িয়ে দেন। তাঁরা গিয়াসকে ছাড়াতে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কয়েক দিন পর সুজনের বাবা আনিস মিয়াও এখানে এসে ছেলেকে নিতে না পেরে চলে যান।
গতকাল গিয়াস বলে, ‘৩ অক্টোবর বড় ভাইয়ের সঙ্গে আমি ভাবিকে নিতে আসি। কিন্তু ভাবি বলেন, তিনি যাবেন না।
এ সময় তাঁরা নগদ দুই লাখ টাকা দেওয়ার পর আমাকে ছেড়ে দেবেন বলে জানান। বড় ভাই চলে যাওয়ার সময় তাঁরা আমাকে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখেন। দুই দিন পর শিকল খুললেও বাড়ি থেকে বের হতে দেন না। তার বাবা এসেছিলেন নিতে, তাঁর সঙ্গেও আমাকে যেতে দেওয়া হয়নি।’
তবে ফাতেমার দাবি, ‘সুজন না জানিয়ে আরেকটি বিয়ে করেছেন। আমাকে ঠিকমতো খাবার দেন না, নির্যাতন করেন। আমি এভাবে থাকতে পারব না বলে যেতে চাইনি।’
ফাতেমার বড় বোন আনোয়ারা বেগম বলেন, ‘বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক দেওয়াসহ অন্যান্য খরচ করেছি। তাই ওই টাকা চাওয়া হয়েছে।’ ফাতেমা ও আনোয়ারার মায়ের দাবি, ‘আমরা গিয়াসকে আটকে রাখিনি, নির্যাতনও করিনি। জামাই আরেকটি বিয়ে করায় মেয়েকে আর দেব না।’
রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, বিষয়টি জানার পর গতকাল বিকেলে ওই শিশুকে উদ্ধার করা হয়। গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, ওই শিশুর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা মামলা করলে মামলা নেওয়া হবে।