জামাতার মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে মুখে বিষ ঢেলে রাসেল মিয়া নামের একজনকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন রাসেল মিয়া (২৫) গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ছয় বছর আগে গোবিন্দপুর এলাকার আজগর আলীর মেয়ে শারমীন আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে পাঁচ বছরের একটি ছেলে আছে। ১ আগস্ট রাতে তাঁর সঙ্গে শারমীনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ওই রাতেই বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে কাউকে কিছু না বলে শারমীন ছেলেকে রেখে বাবার বাড়িতে চলে যান। পরে তিনি শ্বশুর আজগর আলী, শ্যালক সোহেল মিয়াসহ আশপাশের লোকজনকে বিষয়টি জানান। এ নিয়ে স্থানীয় কালনী বাজারে সালিসও হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি। এদিকে রোববার বিকেলে তিনি সোহেলকে মুঠোফোনে জানান, তাঁর ছেলে মায়ের জন্য সারাক্ষণ কান্নাকাটি করছে। তখন তাঁকে (রাসেল) ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে আসতে বলেন সোহেল। ওই দিন রাত নয়টার দিকে ছেলেকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় (সিএনজি) করে তিনি শ্বশুরবাড়িতে যান। এরপর ছেলেসহ তাঁকে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়। এ সময় আজগর আলী, সোহেল, শাশুড়ি, ভায়রা আবদুল মান্নানসহ ছয়-সাতজন কোনো কথা বলার আগেই তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁরা জোর করে বোতলে থাকা কীটনাশক (বিষ) তাঁর মুখে ঢেলে দেন। তিনি যন্ত্রণায় চিৎকার করতে থাকলে সিএনজির চালক জনি মিয়া দৌড়ে সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বাদল কুমার সাহা বলেন, ‘সময়মতো হাসপাতালে না নিয়ে এলে রাসেলকে বাঁচানো যেত না। আমরা তাঁর পেট থেকে বিষ বের করতে পেরেছি। এখন তিনি অনেকটা আশঙ্কামুক্ত।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকে রাসেলের শ্বশুরবাড়ির লোকজন পলাতক।’