জামাতার হাতে শাশুড়ি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কোন্দলের জের ধরে শেরপুর জেলা সদরের বলাইয়েরচর ইউনিয়নের দোবারচর গ্রামে জামাতার হাতে শাশুড়ি খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোছা. ফরিদা বেগম (৫০)। তিনি দোবারচর গ্রামের আবদুস সামাদের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় জড়িত জামাতা আশরাফুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে দোবারচর গ্রামের আবদুস সামাদের সঙ্গে ফরিদা বেগমের বিয়ে হয়। এটি আবদুস সামাদ ও ফরিদা বেগমের দ্বিতীয় বিয়ে। এ বিয়ের কিছুদিন পর আবদুস সামাদের প্রথম পক্ষের বড় ছেলে আশরাফুল ইসলামের সঙ্গে ফরিদা বেগমের প্রথম পক্ষের বড় মেয়ে মাহমুদা বেগমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে আশরাফুলের দ্বন্দ্ব ও কলহ চলছিল। এর জের ধরে আজ বিকেল তিনটার দিকে ফরিদার সঙ্গে আশরাফুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আশরাফুল ফরিদাকে প্রথমে মারধর ও পরে ধারালো ছুরি দিয়ে তাঁর পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফরিদার মৃত্যু হয়। ঘটনার পর আশরাফুল পালিয়ে যান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহত ফরিদা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আশরাফুলকে গ্রেপ্তারের চেষ্টা করছে।