জামাতার হাতে শাশুড়ি নিহত!
জামাতার দায়ের কোপে শাশুড়ি ফাতেমা আক্তারের (৪৮) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে নেত্রকোনা সদর উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা ওই গ্রামের আবদুল কাদেরের স্ত্রী।
নিহতের পরিবার, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমার মেয়ে রিনা আক্তারের সঙ্গে একই গ্রামের জব্বার মিয়ার ছেলে আলমগীর মিয়ার (৩০) বছর পাঁচেক আগে বিয়ে হয়। আলমগীর বেশ কয়েক বছর ধরে নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই তাঁর স্ত্রী রিনাকে মারপিট করে বাবার বাড়িতে পাঠিয়ে দিতেন। রিনার পরিবারও প্রায়ই টাকা দিত। গতকাল সকালে আলমগীর তাঁর শাশুড়ির কাছে টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাত নয়টার দিকে আলমগীর শাশুড়ির শোয়ার ঘরে ঢুকে তাঁকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাছুদুল আলম বলেন, ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলমগীরকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।