জামানতের ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। সংস্থায় নিয়োগ দেওয়ার নামে ১৭০ জনের কাছ থেকে জামানত নিয়ে অন্তত ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করেছেন।
বর্তমানে সংস্থাটির কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন সংস্থার উপজেলা ব্যবস্থাপক আবদুল জলিল। ভুক্তভোগীরা জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ ও রংপুরের জেলা প্রশাসকের কাছে তাঁদের অভিযোগের অনুলিপি দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই সংস্থার পরিবেশসংক্রান্ত একটিপ্রকল্প বাস্তবায়নে মিঠাপুকুর উপজেলায় কর্মী নিয়োগের জন্য একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ২০১৪ সালে নামকাওয়াস্তে এক পরীক্ষা নেওয়া হয়। এরপর সংস্থার উপজেলা ব্যবস্থাপক আবদুল জলিল
পরিদর্শক (সুপারভাইজার) পদে জামানত হিসেবে ৪০ হাজার ও মাঠকর্মী পদে ২০ হাজার করে টাকা নিয়ে ১৭ জন পরিদর্শক ও ১৫৩ জন মাঠকর্মী নিয়োগ দেন। এভাবে অন্তত ৩৭ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
পরিদর্শক রুলিয়া পারভীন অভিযোগ করেন, ‘নিয়োগপত্র দেওয়ার পর সংস্থা থেকে আমাদের কিছু পোস্টার, লিফলেট ও জরিপ ফরম হাতে দিয়ে মাঠে গিয়ে ১০০ টাকার বিনিময়ে সদস্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়। পোস্টারে পরিবেশবান্ধব বিভিন্ন স্লোগানের নিচে প্রকল্পটির নামসহ সহযোগিতায় জাতিসংঘের বিশেষ কমিটির (ইউএনএফসিসিসি) অর্থায়নে বিশ্বব্যাংক, মনিটরিংয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং গণবিভাগ। ওই পোস্টারে সব শেষে লেখা রয়েছে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বরও রয়েছে পোস্টারে।
রুলিয়া পারভীন আরও অভিযোগ করেন, ‘পোস্টারে স্বনামধন্য ওই সব মানুষের নাম দেখে মুগ্ধ হয়ে আমরা মাঠে গিয়ে গাছ জরিপসহ ১০০ টাকার বিনিময়ে সদস্য সংগ্রহে নেমে পড়ি। কিন্তু নিয়োগপত্র দেওয়ার মাস দুয়েক পর উপজেলায় ভাড়া নেওয়া ভবনে সংস্থার কার্যালয়ে তালা লাগিয়ে আবদুল জলিল জেলা কার্যালয়ে চলে যান। এরপর থেকে তিনি মুঠোফোনে আমাদের পরামর্শ দিতেন।’
রুলিয়া পারভীন আরও বলেন, ‘১০ হাজার সদস্য সংগ্রহ করে অন্তত এক লাখ টাকা জলিলের হাতে জমা দিয়েছি। কিন্তু নিয়োগপত্র দেওয়ার পর থেকে আমাদের কোনো বেতন-ভাতা দেওয়া হয়নি। অথচ সুপারভাইজার পদে মাসিক সাড়ে ১২ হাজার এবং মাঠকর্মী পদে সাড়ে আট হাজার টাকা করে মাসিক বেতন দেওয়ার কথা বলে আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল।’
পরিদর্শক জয়নাল আবেদিনের অভিযোগ, বেতন চাইলেই জলিল বলতেন, ‘ফান্ডে টাকা আসেনি। এলেই একসঙ্গে সব টাকা পাবেন।’ জামানতের টাকা ফেরত চাইলে বলতেন, ‘ওটাতো নিয়োগ খরচের জন্য নেওয়া হয়েছিল।’ তবে এখন তিনি আর ফোনও ধরেন না।
অবশ্য গত মঙ্গলবার রাতে মুঠোফোনে আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘আমি এখন ওই সংস্থার জেলা ব্যবস্থাপকের দায়িত্বে আছি। রংপুর পর্যটন মোড়ে জেলা কার্যালয়টি। এতদিন ফান্ডে টাকা না আসায় কার্যক্রম চালাতে হিমশিম খেয়েছি। এতে কর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে এখন ফান্ডে টাকা চলে এসেছে। শিগগিরই মিঠাপুকুরে সংস্থার কার্যক্রম শুরু করা হবে।’ তিনি আরও বলেন, এরই মধ্যে রংপুরের অন্য উপজেলাগুলোতেও সংস্থার কার্যক্রম শুরু করতে জনবল নিয়োগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জামানতের নামে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘কেউ বলতে পারবে না আমি কারও কাছ থেকে একটি টাকা নিয়েছি। তবে কোনো রাজনৈতিক নেতা বা দালাল টাকা নিয়ে থাকলে সেখানে আমার করার কিছু নেই।’ তিনি এরই মধ্যে মিঠাপুকুরে নয় হাজার সদস্য অন্তর্ভুক্তির কথা স্বীকার করেছেন।
সংস্থার কার্যক্রম সম্পর্কে আবদুল জলিল বলেন, ‘সংস্থার উদ্যোগে কর্মীরা মাঠে গিয়ে ১০০ টাকার বিনিময়ে সদস্য সংগ্রহ এবং সদস্যদের গাছ জরিপ করেন। জরিপের আওতায় নেওয়া গাছগুলো সদস্যরা ১০ বছর কাটবেন না বলে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করেন। এ জন্য প্রতিটি গাছের বিপরীতে এর মালিককে উপকারভোগী হিসেবে বছরে ২০০ টাকা অনুদান দেওয়া হবে। এ জন্য জাতিসংঘ ও বিশ্বব্যাংক সহায়তা করবে।
মিঠাপুকুরের ইউএনও মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি ভুক্তভোগীদের থানায় অথবা আদালতে মামলা দায়ের করার পরামর্শ দিয়েছি। কারণ এতবড় প্রতারণার ঘটনা তদন্ত না করে প্রতিকার হবে না। ওই সংস্থার নিবন্ধন সঠিক কি না, তা এনজিও ব্যুরো বলতে পারবে।’