জামায়াত নেতা শাহজাহান তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজাহান চৌধুরী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার মামলায় চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আজ ভোরে জেলার সাতকানিয়া পৌরসভার নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ হয়। একপর্যায়ে সেখানে পুলিশের গুলিতে চারজন নিহত হন।

এ ঘটনায় হেফাজতের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের আসামি করে হাটহাজারী থানায় ১০টি মামলা করে পুলিশ।
পুলিশ সূত্র জানায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৫টির বেশি মামলা রয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রথম আলোকে বলেন, হাটহাজারীর সহিংসতায় ইন্ধনদাতা হিসেবে শাহজাহান চৌধুরী জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। এ জন্য তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালতে। আদালত সে আবেদন মঞ্জুর করেন। পরে এক মামলায় তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে শাহজাহান চৌধুরীর রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত তা নাকচ করে দেন।

আরও পড়ুন