জামায়াত-বিএনপির কর্মীরা জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত ও ২৭ জন আহত হওয়ার ঘটনার সঙ্গে জামায়াত-বিএনপি এবং এদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত। ওই দুই রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতাদের পরিকল্পনাতেই হামলাটি চালানো হয়।
গত বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে এ কথা উল্লেখ রয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল প্রতিবেদনটি পাঠিয়েছেন। এর আগে গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে তদন্ত কমিটির প্রধান ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহম্মদ গোলামুর রহমান প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে হামলাকারীদের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি সুপারিশও করা হয়। তবে প্রশাসন এ মুহূর্তে হামলাকারীদের নাম জানাতে অপারগতা জানিয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। হামলায় প্রথমে সাতজন নিহত ও ২৮ জন আহত হন। পরে ৪ ফেব্রুয়ারি আহত ব্যক্তিদের মধ্য থেকে একজন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা যান। এ ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এডিএম মুহম্মদ গোলামুর রহমানকে আহ্বায়ক এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ানকে সদস্য করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়। তবে কমিটি আরও কয়েক দিন সময় নিয়ে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেয়। পরে মামলার তথ্য-উপাত্ত সংগ্রহ করে মঙ্গলবার কমিটি প্রতিবেদন জমা দেয়।
কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুরো ঘটনার সঙ্গে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা জড়িত। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহ মিজানুর রহমান ও উপজেলা ছাত্রদলের সভাপতি তোফায়েল হোসেনের পরিকল্পনায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। পেট্রলবোমা নিক্ষেপকারীদের নাম ও ঠিকানা ছাত্রদল নেতা তোফায়েলের অনুসারী চৌদ্দগ্রাম উপজেলা কালিকৃষ্ণনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আলমগীর হোসেন আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন। আলমগীরের স্বীকারোক্তিতেই এ ঘটনার জট খোলে এবং হামলাকারীদের শনাক্ত করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়।
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় শাহ মিজানুর রহমান ও তোফায়েল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়। একই সঙ্গে মহাসড়কের আশপাশের পেট্রলপাম্প ও ফিলিং স্টেশনগুলোয় নিরাপত্তা জোরদার করার পক্ষেও মত দেওয়া হয়। নাশকতার বিরুদ্ধে ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় কমিটি গঠনের জন্য সুপারিশ করা হয়।
মুহম্মদ গোলামুর রহমান বলেন, ‘তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘প্রতিবেদন গতকালই মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠিয়ে দিয়েছি। গোপনীয়তার স্বার্থে গণমাধ্যমের কাছে এ বিষয়ে কোনো কথা বলব না।’