কক্সবাজার শহরের রুমালিয়াছড়ায় ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক তিনটি মামলার অভিযোগপত্র গত বৃহস্পতিবার আদালতে দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের নেতা সলিম উল্লাহ বাহাদুর, মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গি সংগঠন ‘আরএসও’-এর সাবেক সামরিক কমান্ডার সালাউল ইসলাম, সদর উপজেলার ঝিলাংজা ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল গফুর, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও টেকনাফের হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, বিএনপির নেতা আবদুল মান্নান, রাশেদুল করিম মার্কিনসহ ২৭৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজার কোর্ট পুলিশের পরিদর্শক মিজবাহ উদ্দিন খান ও সদর মডেল থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ‘সাঈদী মুক্তি পরিষদের’ ব্যানারে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা শহরে ব্যাপক তাণ্ডব চালান। এ সময় পুলিশের সঙ্গে একাধিকার সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিতে তিন ব্যক্তির মৃত্যু হয়। ১১ পুলিশসহ শতাধিক লোক আহত হন। এরপর পুলিশ পৃথক তিনটি (হত্যা, বিস্ফোরক ও পুলিশের ওপর হামলা) মামলা করে ১২৯ জনকে আটক করে। এর মধ্যে অনেকে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।
আদালতে দাখিল করা তিনটি পৃথক মামলার অভিযোগপত্রের প্রতিটিতে ২৭৪ জনকে (একই ব্যক্তি) অভিযুক্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, ‘ঘটনার সময় আমি অসুস্থ ছিলাম। হাসপাতালে ভর্তি ও চিকিৎসার সব কাগজপত্র পুলিশের তদন্তকারী কর্মকর্তার কাছে সরবরাহ করা হলেও হয়রানির জন্য চার্জশিটে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর বিচার জনগণ করবে।’
জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ বলেন, অন্যায়ভাবে তাঁর নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।