পুলিশের গুলি ও ‘বন্দুকযুদ্ধের’ তিনটি ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে নিহত হয়েছেন তিনজন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা, একজন জামায়াতে ইসলামীর কর্মী ও অন্যজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি।
এ নিয়ে গত ২১ দিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে র্যাব, গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ ও পুলিশের গুলিতে ১৪ জন নিহত হলেন। প্রতিটি ঘটনাতেই নিহত ব্যক্তিদের স্বজন বা তাঁদের দলের তরফে এগুলোকে পুলিশের নাটক সাজিয়ে হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতাল কর্মসূচির আগে পুলিশ-র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কেউ মারা গেলে সংশ্লিষ্ট দপ্তর থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হলেও এখন আর তা করা হয় না।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতা নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রশিবির।
রাজশাহীতে শিবির নেতা নিহত: রাজশাহীতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তথ্যবিষয়ক সম্পাদক শাহবুদ্দিন (২২)। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই শিবির নেতা। নগরের মতিহার থানার কাটাখালী শমসাদিপুর এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। শাহবুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান ও বিনোদপুর এলাকার আবাসিক সভাপতি মফিজুর রহমান। হাবিব বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের ও মফিজুর আরবি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলমের ভাষ্যমতে, নাশকতাকারীদের ধরতে রাত একটার দিকে পুলিশের একটি দল শমসাদিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওত পেতে থাকা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে হাতবোমার হামলা চালান। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। তখন গুলিবিদ্ধ হন তিন নেতা। তাঁদের আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শাহবুদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর ছাত্রশিবির দাবি করেছে, দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে ফেরার পথে পুলিশ শাহবুদ্দিনকে গুলি করে হত্যা করেছে। আহত হাবিবুর বলেন, রাত নয়টার দিকে তাঁরা মোটরসাইকেলে পবার হরিয়ান এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। একটি মোটরসাইকেলে তিনজনকে দেখে পুলিশ তাঁদের আটকে কাটাখালী ফাঁড়িতে নিয়ে যায়। রাত ১২টার পর সবার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে মাটিতে ফেলে গুলি করে। হাবিবের দাবি, তাঁর ডান পায়ে পুলিশ গুলি করে। তবে সেটি জিনসের প্যান্ট ছিদ্র করে বেরিয়ে যায়।
অাহত আরেক নেতা মফিজুর দুই হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল দুপুরে তাঁর অস্ত্রোপচার করা হয়। তিনিও ঘটনার একই বর্ণনা দেন।
কুমিল্লায় শিবির নেতা নিহত: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী (২৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে চৌদ্দগ্রামের শামুকসার নাভানা প্রকল্পের সামনে এ ঘটনা ঘটে।
সাহাব উদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা এলাকায়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমানের ভাষ্য, গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শামুকসার এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। তখন মহাসড়কে নাশকতা সৃষ্টির জন্য ওত পেতে থাকা অন্তত ২০ জনের একটি সন্ত্রাসী দল পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের গোলাগুলিতে সাহাব উদ্দিন গুলিবিদ্ধ হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে সকালে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সাহাব উদ্দিনের বোন ফারজানা আক্তার হাসপাতালে ছুটে যান। ভাইয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার ভাইকে বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকধারী একদল পুলিশ চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর আমরা আজ তাঁর মারা যাওয়ার খবর পাই।’
পুলিশ বলেছে, গত সোমবার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনার মামলার ৮ নম্বর আসামি ছিলেন সাহাব উদ্দিন।
যশোরে জামায়াত কর্মী নিহত: যশোরে পুলিশের গুলিতে শহিদুল ইসলাম (৩০) নামে জামায়াতের একজন কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে যশোর-খুলনা মহাসড়কের ক্ষণিকা পিকনিক কর্নার এলাকায় এ ঘটনা ঘটে।
শহিদুল সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের নুর আলী সানার ছেলে ও সাতক্ষীরা সদর আসনের জামায়াতের সাবেক সাংসদ আবদুল খালেকের ভাগনে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে এম আরিফুল হকের ভাষ্যমতে, পুলিশের একটি দল ওই দিন মধ্যরাতে ক্ষণিকা পিকনিক কর্নার এলাকায় খুলনাগামী একটি মাইক্রোবাসকে থামতে বলে। কিন্তু গাড়িটি না থামিয়ে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে একজনকে আহত অবস্থায় ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অন্যরা পালিয়ে যান।
আরিফুল হক দাবি করেন, শহিদুল ও তাঁর সহযোগী আবদুল মজিদকে শার্শা উপজেলার একটি গ্রাম থেকে বুধবার রাতে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে আদালতে নেওয়ার পথে পালিয়ে যান তাঁরা। দুজনকে ধরতে যশোর ও আশপাশের জেলায় তল্লাশিচৌকি বসানো হয়। এরই মধ্যে শহিদুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। আর আবদুল মজিদ সাতক্ষীরায় পুলিশের হাতে গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়েছেন।
তবে শহিদুলের পরিবার অভিযোগ করেছে, পুলিশ ধরে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করেছে। শহিদুলের ভাতিজা ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, ‘গত বছর আনোয়ারুল ইসলাম নামে আরেক চাচাও পুলিশের গুলিতে মারা যান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।’
সাতক্ষীরায় ছাত্রদল নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরার কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি আবদুল মুজিদ (৩৭) পুলিশের গুলিতে আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার তুলসীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার দপ্তরের তথ্য কর্মকর্তা কামাল হোসেনের ভাষ্য, সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঠাকুরবাড়ি নামক স্থানে ওই দিন রাতে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি ও ককটেল ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মুজিদকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়।
তবে মুজিদের মা রহিমা খাতুন বলেন, তাঁর ছেলেকে যশোরের শার্শা উপজেলার গোগা এলাকা থেকে পুলিশ গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে তাঁকে গুলি করে আহত করে পুলিশ।