জামায়াতের আমির ও সেক্রেটারিসহ আটক ৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির তাজুল ইসলাম ও সাটুরিয়া উপজেলার সেক্রেটারি শওকত আলীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় তাঁদের আটক করা হয়। এ ছাড়া বিভিন্ন উপজেলা থেকে বিএনপির চার কর্মীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সিঙ্গাইর উপজেলার ভজন সরকার, সূর্য্যচন্দ্র দাস ও রাজকুমার এবং শিবালয় উপজেলার সুজন মৃধা।
জেলা ডিবি ও সাটুরিয়া থানার পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে শিবালয় উপজেলার আরিচা এলাকা থেকে তাজুল ইসলামকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আরও আটক ২৪: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। শনিবার রাত থেকে গতকাল রোববার পর্যন্ত পাঁচটি জেলা থেকে ২৪ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানাচ্ছেন:
চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশ শনিবার গভীর রাতে হালিশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
লক্ষ্মীপুরের রামগতিতে আবদুল কাদের নামে এক জামায়াত নেতাকে পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। রামগতি থানার সামনে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবদুল কাদের চরবাদাম ইউনিয়ন জামায়াতের সভাপতি। বালুরচর ইসলামিয়া আলিম মাদ্রাসায় তিনি শিক্ষকতা করেন। তাঁর বাড়ি রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রাম এলাকায়।
কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিমকে (৪৮) শনিবার মাঝরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার বাসিন্দা। চকরিয়া থানার এএসআই শিমুল চৌধুরী বলেন, তাঁর বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগ রয়েছে। গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে বিএনপির পাঁচজন ও জামায়াত-শিবিরের ১২ জন। এ নিয়ে ৫ জানুয়ারি থেকে গতকাল রোববার পর্যন্ত জেলায় ৭৩৮ জনকে গ্রেপ্তার হলো।
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করেছে। এরা হলেন পাগলা বোয়ালিয়া গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে আবদুল জলিল, বড়হর গ্রামের আবদুল মজিদ প্রামাণিকের ছেলে আকুল হোসেন, ভূতগাছা গ্রামের আবদুস সালামের ছেলে মানিক, বালসাবাড়ি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে সাইদুল ইসলাম শহিদুল।