জামায়াতের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গত মঙ্গলবার রাতে ধরে নিয়ে যাওয়ার মাত্র পাঁচ ঘণ্টা পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতে ইসলামীর একজন কর্মী নিহত হয়েছেন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। ২০ দলের লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে এ নিয়ে কথিত সব বন্দুকযুদ্ধের ঘটনায় মারা গেলেন সাতজন।
নিহত ওই ব্যক্তি হলেন রাজশাহী নগরের বিনোদপুর এলাকার আবদুর রহমানের ছেলে নূরুল ইসলাম ওরফে শাহীন (৪০)। নূরুল ইসলাম বিনোদপুরে ইসলামিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক। ইসলামী ছাত্রশিবিরের একটি ওয়ার্ডের সাবেক সভাপতিও ছিলেন তিনি। পুলিশের দাবি, তিনি জামায়াত-শিবিরের দুর্ধর্ষ ক্যাডার ও একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।
পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাত নয়টার দিকে নগরের মালোপাড়া এলাকা থেকে নূরুলকে গ্রেপ্তার করা হয়। পরে রাত দুইটার দিকে তাঁকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধার ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে নগরের নলখোলা আশরাফের মোড় এলাকায় অভিযানে নামে পুলিশ। এ সময় সেখানে ওত পেতে থাকা নূরুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেল ও গুলি ছুড়তে থাকেন। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। তখন নূরুল দৌড়ে পালাতে গেলে উভয় পক্ষের গোলাগুলিতে পড়ে গুরুতর আহত হন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের আরও দাবি, বন্দুকযুদ্ধের স্থান থেকে একটি রিভলবার, ১০টি ককটেল, পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে দুই কনস্টেবল আহত হন। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
নূরুল ইসলামের বাবা আবদুর রহমান বলেন, নগরের হেতেমখাঁ এলাকায় নূরুল ইসলাম একটি ভাড়াবাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন। পাশেই মালোপাড়া এলাকায় পদ্মা প্রেস নামে তাঁদের একটি ছাপাখানা রয়েছে। সেখান থেকে মঙ্গলবার রাত নয়টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের পরিচয়ে তাঁর ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁর (আবদুর রহমান) ছোট ছেলে হাবিবুর রহমান গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়ে নূরুলের সঙ্গে দেখা করেন। নূরুলের জন্য সঙ্গে খাবারও নিয়ে গিয়েছিলেন তিন। কিন্তু পুলিশ সেই খাবার দিতে দেয়নি। তারা নিজেরাই খাবার দেবে বলে বাড়ির খাবার ফেরত দেয়। রাত ১১টা পর্যন্ত নূরুলের সঙ্গে মুঠোফোনে পরিবারের লোকদের কথা হয়।
আবদুর রহমান দাবি করেন, পুলিশ ধরে নিয়ে গিয়ে তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সকালে বিনোদপুর এলাকায় তাঁর (আবদুর রহমান) ভাই বুলবুলের হার্ডওয়্যারের দোকানে এসে পুলিশ নূরুল ইসলামের মারা যাওয়ার খবর দিয়ে যায়।
গতকাল দুপুরে মহানগর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, নূরুল ইসলাম নগরের ৩০ নম্বর ওয়ার্ড শিবিরের সাবেক সভাপতি। তিনি মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর হামলার প্রধান আসামি ছিলেন। শামসুদ্দিন দাবি করেন, নূরুল বিভিন্ন নাশকতার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। ওই সব ঘটনায় দায়ের করা ১৩টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।