জামায়াতের দুই নেতা গ্রেপ্তার, ৩৫টি ককটেল উদ্ধার
বগুড়া জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী (৬০) এবং জেলা জামায়াতের সেক্রেটারি নাজিম উদ্দিনকে (৫৮) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গত বুধবার দিবাগত রাত একটার দিকে ডিবির একটি দল বগুড়া শহরের চকলোকমান এলাকায় ওই দুই নেতার বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। দুই নেতার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়া জেলাজুড়ে ব্যাপক তাণ্ডব ও নাশকতা চালানো হয়। ওই নাশকতার ঘটনায় মদদদাতা ছিলেন গোলাম রব্বানী। এ ঘটনায় বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একইভাবে নাজিম উদ্দিনের বিরুদ্ধেও নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার দাবি করেন, আটক দুই নেতা নতুন করে নাশকতার ছক আঁকছেন এবং নাশকতার জন্য বিস্ফোরক জড়ো করেছেন এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাঁদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ককটেলও উদ্ধার করা হয়।
নাশকতার পরিকল্পনাকারী এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।