পিঠ, মুখ ও দুই হাতে পোড়া দগদগে ক্ষত নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতর আনোয়ার হোসেন (৩৩)। রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় আহত আনোয়ারের মতোই আরও তিনজন আছেন এই হাসপাতালে। চিকিৎসক বলছেন, ধীরে ধীরে তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
পেট্রলবোমা হামলার ঘটনায় মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ১২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মিঠাপুকুর থানার ওসি রবিউল আলম জানান, আসামিদের নাম এই মুহূর্তে প্রকাশ করা হবে না। তবে আসামিদের অধিকাংশই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
নৃশংস এ ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলার মা-ছেলের মরদেহ গতকাল তাঁদের গ্রাম বিজয়রামে দাফন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর মারা যাওয়া জহিরন বেওয়ার (৬৫) মরদেহ গতকাল বিকেল চারটা পর্যন্ত তাঁর বাড়ি উলিপুরে পৌঁছায়নি। আর কাছের স্বজন না পাওয়ায় এক নারী ও পরিচয় নিশ্চিত না হওয়ায় এক শিশুর মরদেহ হস্তান্তর করেনি পুলিশ। এই দুটি মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সবুজপাড়ায়। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন। আনোয়ার কাতর স্বরে বলেন, ‘এই অবরোধোত ঢাকা যাওয়ার জন্যে মোর মন একেবারে টানে নাই। তারপরও দুইটা ছাওয়ার পড়াশোনা ও ওমারগুলার মুখোত ভাত জোটার জন্যে ঢাকা যাওয়ার চিন্তা করোঁও (করি)।’ এখানেই চিকিৎসাধীন নুরজাহান বেগম, মাহবুব রহমান ও রাশেদ খান। হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান জানান, চিকিৎসাধীন সবার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
এদিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসাধীন মনোয়ারা বেগম ও তাঁর দুই মেয়েকে উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকায় পাঠানো হয়েছে। মনোয়ারার ভাগনে আশরাফুল আলম গতকাল এ কথা জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গৃহবধূ মিনারা বেগম (২৩)। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, তিনি যন্ত্রণায় কাতর। আগুনে মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। কথাও বলতে পারছেন না। চিকিৎসকেরা বলেছেন, সেরে উঠতে তাঁর অনেক দিন সময় লাগবে।
পাশে ঠায় দাঁড়িয়ে ছিল উদ্বিগ্ন স্বামী ফজলুল হক। গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক ফজলুল জানান, স্ত্রীর সঙ্গে তাঁর মেয়ে ফারজানা আক্তারের দুই হাত সামান্য পুড়েছে। তিনি বলেন, বার্ন ইউনিট থেকে কিছু ওষুধ দেওয়া হচ্ছে। বাকি ওষুধ তাঁকে বাইরে থেকে কিনতে হচ্ছে। এ পর্যন্ত তিনি আট হাজার টাকার ওষুধ কিনেছেন। এখন ওষুধ কেনার কোনো টাকা তাঁর হাতে নেই।
নিহত রহিম বাদশার (৩৭) ও তাঁর মা রহিমা বেগমের (৬০) মরদেহ গতকাল বিজয়রাম গ্রামে দাফন করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে মা-ছেলের মরদেহ পৌঁছে তাঁদের বাড়ি বিজয়রাম গ্রামে। এ সময় সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। দাদি ও বাবার কফিনের পাশে পাগলপ্রায় রুমি বেগম (১৭) বলছিল, ‘এ্যালা হামার কি হইবে। হামার সউগ শ্যাষ হয়া গেলো।’ রুমির ভাই ১০ বছরের লিমন শুধু বলতে থাকে, ‘তোমরা মোর বাপক আনি দেও। দাদিক আনি দেও।’
প্রতিবেশী আ. ছাত্তার (৪৫) জানান, রহিম বাদশার দুই ছেলেমেয়ে রুমি ও লিমন। দুজনেই পড়াশোনা করে। রহিম বাদাম বিক্রি করে সংসার চালিয়ে ছেলেমেয়েকে পড়াচ্ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল। স্থানীয় আ. মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওমরা (ওঁরা) আজনীতি (রাজনীতি) করবে। বোম ফাটাইবে। হামরা গরিব মানুষ মরমো।’
স্থানীয় মুক্তিযোদ্ধা আ. ছামাদ, প্রতিবেশী ছক্কু মিয়া, ছাইফুল ইসলামসহ অনেকেই পরিবারটির পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানান। শাস্তির দাবি তোলেন বাসে হামলাকারীদের।
একই পরিবারের জেসমিন আক্তারের লাশ না পৌঁছায় ক্ষোভ প্রকাশ করলেন স্বজন মোকলেছুর রহমান। এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি জানান, কাছের কোনো স্বজন না পাওয়ায় জেসমিনের লাশ হস্তান্তর করা হয়নি।
পুলিশের মহাপরিদর্শক যাচ্ছেন আজ: উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ আজ শুক্রবার মিঠাপুকুরে আসছেন। রংপুর জেলা পুলিশের আয়োজনে বেলা ১১টায় মিঠাপুকুর কলেজ মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁরা মতবিনিময় করবেন।
পুলিশ-বিজিবির পাহারায় গত বুধবার দিবাগত রাতে ৩০টি যাত্রীবাহী বাসের বহর রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। রংপুর-ঢাকা মহাসড়কে মিঠাপুকুরে ওই বাসবহরের একটি বাস পেট্রলবোমা হামলার শিকার হয়। এতে পাঁচজন নিহত ও ১১ জন গুরুতর আহত হন।
( প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা, রংপুর ও কুড়িগ্রাম)