জামায়াত-শিবিরে যোগ না দেওয়ায় হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় একটি এতিমখানার শিশুদের নিয়ে জামায়াত-শিবিরে যোগ না দেওয়ায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এতিমখানার কাজে জটিলতা সৃষ্টি ও হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এতিমখানা কর্তৃপক্ষ বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছে। তবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন।
এতিমখানাটির নাম সরেরহাট কল্যাণী শিশুসদন। এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুদ্দিন সরকার। তিনি গত ২৫ মার্চ বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এতে বলা হয়েছে, তিনি ১৯৮৪ সাল থেকে সরেরহাট কল্যাণী শিশুসদনের দায়িত্ব পালন করে আসছেন। প্রায় এক বছর ধরে বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মফিজুল ইসলাম তাঁকে জামায়াতে ইসলামীতে এবং শিশুসদনের ছেলেমেয়েদের ছাত্রশিবিরে যোগদান করানোর জন্য চাপ দিয়ে আসছেন। তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে সমাজসেবা কর্মকর্তা তাঁর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন এবং এতিমখানার কাজে নানা জটিলতা সৃষ্টি করছেন। এ অবস্থায় তাঁর পক্ষে সুষ্ঠুভাবে এতিমখানার কাজ সম্পাদন করা সম্ভব হচ্ছে না।
শামসুদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, গত বছরের ৮ জুলাই সমাজসেবা কর্মকর্তা প্রথম তাঁকে জামায়াতে যোগ দেওয়ার প্রস্তাব করেন। এ প্রস্তাবের পর তিনি কোনো কথা বলেননি। এরপর বিভিন্ন সময় তাঁকে একই প্রস্তাব দিয়ে আসছেন। সমাজসেবা কর্মকর্তা ছুটির দিনে এতিমখানায় গিয়ে বসেও থাকেন। গত নভেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি সমাজসেবা কর্মকর্তাকে সরাসরি জানিয়ে দেন তাঁর পক্ষে জামায়াত-শিবিরের রাজনীতিতে যোগ দেওয়া সম্ভব নয়। তিনি একজন মুক্তিযোদ্ধা। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে সমাজসেবা কর্মকর্তা তাঁর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। কাজ নিয়ে গেলে হয়রানি শুরু করেন। একপর্যায়ে তিনি এতিমখানার বাচ্চাদের সরকারি বরাদ্দ (ক্যাপিটেশন গ্রান্ট) বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
শামসুদ্দিন সরকার বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি তাঁর এতিমখানার জন্য বরাদ্দ আসে। ২৩ জানুয়ারি তিনি বিল দাখিল করেন। সাধারণত পাঁচ-ছয় দিনের মধ্যে সমাজসেবা কর্মকর্তা চেক দিয়ে দেন। অতীতে সব সমাজসেবা কর্মকর্তাই তাই করেছেন। রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে সমাজসেবা কর্মকর্তা তাঁকে দিনের পর দিন ঘোরাতে থাকেন। অবশেষে ৩ মার্চ তিনি চেক প্রদান করেন। বরাদ্দ পেতে দেরির কারণে তিনি এতিমখানার শিশুদের নিয়ে চরম বিপাকে পড়েন। ৬ মার্চ সমাজসেবা কর্মকর্তা তাঁর এতিমখানার শিশুদের শ্রেণিভিত্তিক তথ্য চেয়েছিলেন। দুদিনের মধ্যে তিনি তা জমা দিয়েছেন। ২৮ মার্চ সমাজসেবা অধিদপ্তরের করণিক বিদ্যালয়ে ঘুরে ঘুরে তাঁর এতিমখানার ১৮৬ জন ছেলেমেয়ের তথ্য যাচাই করেন। তিনি তথ্য সঠিক রয়েছে বলে এতিমখানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে গেছেন। এর পরে সমাজসেবা কর্মকর্তা তাঁর সঙ্গে খারাপ আচরণ করছেন।
বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মফিজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়মিত নামাজ পড়েন কিন্তু কখনোই কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি ছাত্রজীবন থেকে তাঁর অতীত ইতিহাস খুঁজে দেখতে বলেন। তিনি স্বীকার করেন, তিনি এতিমখানায় দুদিন গেছেন। তবে তিনি এ ধরনের প্রস্তাব করেননি। তিনি বলেন, কাজের ঝামেলার কারণে চেক দিতে দেরি হয়েছে। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, এতিমখানায় যাদের ভর্তি করা হবে, তাদের কাছ থেকে একটা আবেদনপত্র নিয়ে রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এটা বলার পরেই তিনি আমার নামে এসব অভিযোগ তুলেছেন।’
এ ব্যাপারে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার বলেন, ‘আমি লিখিত অভিযোগ পাইনি।’ আপনার দপ্তরে রিসিভ করা একটি অভিযোগ এই প্রতিবেদক দেখেছেন জানালে ইউএনও বলেন, ‘আসলে সেটি আমার দেখা হয়নি। উভয় পক্ষকে ডেকে বিষয়টি ভালো করে জানব।’