জামায়াত-শিবিরের ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালের ২৮ মার্চ ককটেল বিস্ফোরণে আহত অন্তু বড়ুয়া। পাশে তার মা l ফাইল ছবি
২০১৩ সালের ২৮ মার্চ ককটেল বিস্ফোরণে আহত অন্তু বড়ুয়া। পাশে তার মা l ফাইল ছবি

চট্টগ্রামে গত বছরের মার্চে ১৮-দলীয় জোটের হরতালের সময় ককটেল বিস্ফোরণে স্কুলছাত্রী অন্তু বড়ুয়া আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম আদালতের নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেয় নগরের কোতোয়ালি থানার পুলিশ। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, অভিযোগপত্রটি নিবন্ধন শাখায় জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। পরে মহানগর হাকিমের কাছে এটি উপস্থাপন করা হবে।
অভিযোগপত্রে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি আ ন ম মশরুর হোসাইন, দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ফেরদৌস কোরেশী, কোতোয়ালি থানা জামায়াতের আমির ফয়সাল মোহাম্মদ ইউনুছ, দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল তারেক হোসাইন, মহানগর উত্তরের সভাপতি নুরুল আমিন, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রশিবিরের সাথি আলতাফ হোসেন, আ ন ম হারুন, দেলোয়ার হোসেন, মঞ্জুর আলম, কফিল উদ্দিন, মিজানুর রহমান ও আমজাদ আলীর নাম আছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মশরুর ও হারুন পলাতক। সম্প্রতি জামিনে আসেন নুরুল আমিন। অন্য ব্যক্তিরা কারাগারে রয়েছেন। এঁদের মধ্যে আমজাদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ািল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভিডিও ফুটেজ, গ্রেপ্তার হওয়া আসামির স্বীকারোক্তি ও তদন্তে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। অভিযোগপত্রে ১৭ জনকে সাক্ষী রাখা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হরতাল চলাকালে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটান। গ্রেপ্তার আসামি আমজাদ আলী তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও ঘটনার দায় স্বীকার করেন। তদন্তে সত্যতা না পাওয়ায় মামলার এজাহারে নাম থাকা মহিউদ্দিন ও জালালকে অব্যাহিত দেওয়ার আবেদন করা হয় অভিযোগপত্রে।
২০১৩ সালের ২৮ মার্চ ১৮-দলীয় জোটের হরতাল চলাকালে নগরের মোমিন রোডে মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে চোখে আঘাত পায় চট্টগ্রাম নগরের অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্তু বড়ুয়া। সে মায়ের সঙ্গে কোচিং সেন্টারে যাচ্ছিল। এ ঘটনায় পরদিন ২৯ মার্চ কোতোয়ািল থানার এসআই জাফর ইকবাল বাদী হয়ে মামলা করেন। এতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।